ঢাকা মেডিকেলে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত, হাসপাতালে পর্যবেক্ষণ চলবে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রাঙ্গণে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্থায়ী পার্কিংয়ের দাবিতে ডাকা ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত করেছেন অ্যাম্বুলেন্স মালিক ও চালকেরা।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাদল মাতবর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্থায়ী পার্কিংসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে ধর্মঘট শুরু করেছিলেন অ্যাম্বুলেন্স মালিক ও চালকেরা। সেই ধর্মঘটে ভোগান্তিতে পড়েছিলেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা।
ধর্মঘটের আগের দিন, সোমবার (২৬ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটের ভেতরে স্থায়ী পার্কিং ছাড়াও সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছিলেন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ঢাকা মেডিকেল শাখার সদস্যরা।
সমিতির সাধারণ সম্পাদক মো. ইমন আলী বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স রেখে রোগীদের সেবা দিয়ে আসছেন। কিন্তু হাসপাতাল প্রাঙ্গণে বেসরকারি অ্যাম্বুলেন্সের পার্কিং বন্ধ হয়ে যাওয়া এবং বিকল্প ব্যবস্থা না থাকায় অ্যাম্বুলেন্সগুলো হাসপাতালের আশপাশের সড়কে রাখতে হচ্ছে।
ইমন আলীর ভাষ্য অনুযায়ী, সড়কে অ্যাম্বুলেন্স রাখায় যানজটের পাশাপাশি ট্রাফিক পুলিশের মামলার শিকার হচ্ছেন মালিক ও চালকেরা। এজন্য আগের মতো হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন বলেন, আগামী সাত দিন হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
পরিচালক আরও বলেন, হাসপাতাল হচ্ছে রোগীদের মূল সেবাকেন্দ্র। এখানে চিকিৎসাসেবায় কোনো ধরনের ব্যাঘাত ঘটুক, তা কর্তৃপক্ষ কোনোভাবেই চায় না।




