দিনাজপুরে গোর-এ শহীদ বড়মাঠ খুলে দেওয়ার দাবিতে ১৫ দিনের আল্টিমেটাম

দিনাজপুরের গোর-এ শহীদ বড়মাঠ থেকে সেনাবাহিনীর ক্যাম্প ও তারকাঁটার বেড়া সরিয়ে মাঠটি সবার জন্য খুলে দেওয়ার দাবিতে বুধবার মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন হয়। এরপর দুপুর ১২টা থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত দিনাজপুর পৌরসভা ও কাচারি গেটের মাঝামাঝি রেলগেট এলাকায় অবস্থান কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি থেকে বক্তারা বলেন, আগামী ১৫ দিনের মধ্যে দাবি পূরণ না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বক্তাদের ভাষ্য, গোর-এ শহীদ বড়মাঠ দিনাজপুরের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ একটি স্থান। এই মাঠে এশিয়া উপমহাদেশের বৃহত্তম ঈদগাহ মিনারে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
তাঁরা বলেন, শত বছর ধরে এই মাঠে সামাজিক ও ক্রীড়া কার্যক্রম, মেলা, জনসভা ও ইসলামী জলসাসহ নানা আয়োজন হয়ে আসছে। এই মাঠে খেলাধুলা করে অনেক খেলোয়াড় জাতীয় পর্যায়ে অবদান রেখেছেন।
বক্তারা বলেন, একসময় জেলার মানুষের খেলাধুলা, বিনোদন ও সামাজিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র ছিল এই মাঠ। সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন ও মাঠের বড় অংশ তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে রাখায় সাধারণ মানুষের প্রবেশ, চলাচল ও খেলাধুলা বাধাগ্রস্ত হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন।
তাঁরা আরও বলেন, ২০০৩ সালে জেলা প্রশাসক সম্মেলন ও মন্ত্রিপরিষদে এই মাঠ জনগণের জন্য উন্মুক্ত রাখার বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সিদ্ধান্ত দিয়েছিলেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে বলে বক্তারা জানান।
বক্তারা জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় লিটন দাসসহ অনেক ক্রীড়াবিদের উঠে আসার পেছনে এই মাঠের ভূমিকার কথা উল্লেখ করেন। তাঁরা বলেন, বর্তমানে মাঠের এক কোণে সীমিত জায়গায় পাঁচটি ক্রিকেট একাডেমির কয়েক শ খেলোয়াড় নিয়মিত অনুশীলন করছেন, আর মাঠের বড় অংশ ঘিরে রাখায় অনুশীলন ও খেলাধুলার সুযোগ সংকুচিত হয়ে পড়েছে।
আন্দোলনকারীদের অভিযোগ, শুরুতে মাঠ সংস্কারের কথা বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাঁশের বেড়া দেওয়া হয়। পরে নির্বাচনী কার্যক্রমের জন্য দিনাজপুর স্পোর্টস ভিলেজে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয় এবং পরে মাঠটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে নেওয়া হয়।
সমাবেশ থেকে তারকাঁটার বেড়া সরানো, জেলাবাসীর অবাধ চলাচল নিশ্চিত করা, ঈদের নামাজের পরিবেশ বজায় রাখা ও খেলাধুলার সুযোগ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র মেসাদ্দেক হোসেন লাবু, বিএনপির সহসভাপতি খালেকুজ্জামান বাবু, দিনাজপুর চেম্বারের প্রতিনিধি আকতারুজ্জামান জুয়েল, গোলাম নবী দুলাল, রেজাউর রহমান রেজু, অ্যাডভোকেট মেহেরুল ইসলাম এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য রেহাতুল ইসলাম খোকা। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা এবং সাবেক ও বর্তমান খেলোয়াড়রা এ সময় উপস্থিত ছিলেন।




