খুলনায় স্যার ইকবাল রোডের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নবজাতকের মৃত্যু: চিকিৎসকের অবহেলার অভিযোগ পরিবারের, ভাঙচুর জানালার গ্লাস
খুলনায় চিকিৎসকের অবহেলায় একটি নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২৮ অক্টোবর) নগরীর স্যার ইকবাল রোডের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রসূতি ফারহানার প্রসব বেদনা উঠলে মঙ্গলবার রাত ১০টার দিকে তাঁকে ওই কেন্দ্রে ভর্তি করা হয়। সে সময় স্বাভাবিক প্রসবের কথা বলা হলেও রাত ১টার পর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ঘুমিয়ে পড়েন এবং কাউকেই পাওয়া যায়নি বলে পরিবার অভিযোগ করেছে।
পরিবারের ভাষ্য, রাত দেড়টার দিকে রোগীর অবস্থার অবনতি হলেও কেউ সাড়া দেয়নি। পরে সকাল সাড়ে আটটার দিকে এক আয়া এসে বাচ্চা বের করার চেষ্টা করলে নবজাতকটি মারা যায়।
শিশু মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কয়েকটি জানালার গ্লাস ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নবজাতকের মামা সাইদুল ইসলাম অভিযোগ করেন, চিকিৎসকদের চরম অবহেলার কারণেই তাঁর বোনের সন্তান মারা গেছে। এর আগেও এখানে এমন ঘটনা ঘটেছে বলে দাবি করে তিনি সুষ্ঠু বিচার দাবি করেন।
ঘটনাস্থলে কোনো চিকিৎসককে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রের এক কর্মকর্তা জানান, রোগীর নির্ধারিত প্রসবের তারিখ আরও এক মাস বাকি ছিল। রাতে তাঁকে দেখাশোনা করা হলেও ঠিক কী কারণে শিশুটির মৃত্যু হয়েছে, সে বিষয়ে তিনি সদুত্তর দিতে পারেননি। পরিস্থিতি পরে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন জানান, ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



