যশোর কারাগারে সাজা শেষের পরও ফিরতে পারছেন না ৪৩ ভারতীয়, মর্গে পড়ে আছে দুই বন্দীর মরদেহ

যশোর কেন্দ্রীয় কারাগারে সাজা শেষ হওয়ার পরও দেশে ফিরতে পারছেন না ভারতের ৪৩ জন নাগরিক। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কারাগারে মোট ৫২ জন ভারতীয় নাগরিক বন্দী রয়েছেন এবং তাঁদের মধ্যে ৪৩ জনের সাজার মেয়াদ শেষ হয়েছে।
কারও সাজা ছিল ১৫ দিন থেকে দুই বছর, কিন্তু প্রত্যাবাসন না হওয়ায় তাঁদের ৮ থেকে ১৫ বছর পর্যন্ত কারাগারে থাকতে হচ্ছে। বন্দীদের মধ্যে সাতজন নারী এবং ২৪ জনের বয়স ৫০ বছরের বেশি।
ভারতের উত্তর প্রদেশের চিতামারী জেলার মেজরগঞ্জ থানার কাঁকড়ারা গ্রামের বাসিন্দা বাছুল মাঝি ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের দায়ে আটক হন। পরদিন আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সাজা শেষ হওয়ার পর দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে ২০১৮ সালের ২০ নভেম্বর বাছুলকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এরপর দীর্ঘদিন সেখানেই বন্দী ছিলেন তিনি।
কারাগারে থাকা অবস্থায় সিজোফ্রেনিয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হন বাছুল। ৯ অক্টোবর বুকে ব্যথা শুরু হলে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়; সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
একই হাসপাতালের মর্গে পড়ে আছে আরেক ভারতীয় গাজী মণ্ডলের মরদেহ। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বাসিন্দা গাজী অস্ত্র আইনের একটি মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন; তিনি ১৯ অক্টোবর মারা যান।
হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন শাফায়াত বলেন, হাসপাতালের মর্গে মরদেহ রাখার চারটি চেম্বার রয়েছে, এর মধ্যে একটি দীর্ঘদিন ধরে নষ্ট এবং দুটিতে ভারতীয় বন্দীদের মরদেহ রয়েছে। ফলে অন্য মরদেহ রাখার ক্ষেত্রে সমস্যা হচ্ছে।
দীর্ঘদিন বন্দী থাকায় এসব বন্দীর অনেকে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছেন। আইনজীবী ও মানবাধিকারকর্মীরা বলছেন, সাজা শেষ হওয়ার পরও বন্দী রাখা মানবাধিকারের লঙ্ঘন।
যশোরের জ্যেষ্ঠ আইনজীবী আমিনুর রহমান হিরু বলেন, সাজা শেষ হওয়ার পরও বছরের পর বছর বিপুলসংখ্যক ভারতীয় নাগরিকের কারাগারে থাকা দুঃখজনক; তাঁদের স্বজনদের কাছে পৌঁছে দিতে দুই দেশের সরকারকে এগিয়ে আসতে হবে।
যশোর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ৪৫ জনের সাজার মেয়াদ শেষ হলেও বন্দী হস্তান্তরের জটিলতায় তাঁরা মুক্তি পাননি। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনার মাধ্যমে এ সমস্যার দ্রুত সমাধান হতে পারে এবং সাজা শেষে মুক্তি পাওয়া তাঁদের মানবাধিকার।
ভারতের বিহারের বাসিন্দা চারল দেবী (৪৮) ২০২৪ সালের ১২ জানুয়ারি শরীয়তপুরে আটক হন; আদালত তাঁকে আট মাসের কারাদণ্ড দেন। ওই বছরের ২ সেপ্টেম্বর সাজা শেষ হলেও তাঁর মুক্তি মেলেনি। কারা কর্তৃপক্ষ জানায়, চারল দেবী দিনের বেশির ভাগ সময় কান্নাকাটি করেন।
গোবিন্দ বিহারী (৪৭) ২০১১ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে এক বছরের কারাদণ্ড পান। সাজা শেষ হওয়ার পরও তিনি প্রায় ১৪ বছর ধরে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।
মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া যত জটিলই হোক, মানবিক বিবেচনায় এমন ঘটনার দ্রুত নিষ্পত্তি হওয়া জরুরি। মৃত্যুর পর মর্গে পড়ে থাকা মরদেহগুলোর মর্যাদাপূর্ণ শেষকৃত্য সম্পন্ন হওয়ার অধিকারও আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালার সঙ্গে সম্পর্কিত বলে তিনি জানান।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, অধিকাংশ বন্দী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রত্যাবাসনের অনুমোদন পেয়েছেন, তবে ভারতীয় কর্তৃপক্ষের অনুমোদন না মেলায় তাঁদের দেশে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না। ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে; সেখান থেকে সাড়া না পেলে আদালতের মাধ্যমে ফেরত পাঠানোর বিকল্প নিয়েও ভাবা হচ্ছে।




