কানাডায় ৪ কোটি ডলারের লটারির টিকিটের মেয়াদ শেষ হচ্ছে আজ মধ্যরাতে, এখনো মেলেনি বিজয়ীর খোঁজ

কানাডায় ৪ কোটি কানাডীয় ডলারের একটি লটারি জ্যাকপটের টিকিটের মেয়াদ শেষ হচ্ছে বুধবার মধ্যরাতে, অথচ প্রায় এক বছর পেরিয়েও বিজয়ী টিকিটধারীর কোনো খোঁজ মেলেনি। অন্টারিও লটারি অ্যান্ড গেমিং করপোরেশন (ওএলজি) জানিয়েছে, সঠিক টিকিটধারী সামনে না এলে টিকিটটির মেয়াদ শেষ হয়ে যাবে।
ওএলজি জানিয়েছে, লোটো ম্যাক্স জ্যাকপটের এই বিজয়ী টিকিটটি এক বছর আগে অন্টারিওর গ্রে কাউন্টির একটি বিক্রয়কেন্দ্র থেকে কেনা হয়েছিল। ব্লু মাউন্টেনস ও ওয়েন সাউন্ড এলাকা নিয়ে গঠিত এই কাউন্টি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। ফলে ধারণা করা হচ্ছে, কেউ হয়তো ভ্রমণে এসে টিকিট কিনে বাড়ি ফিরে গিয়েছিলেন এবং পরে টিকিটটি যাচাই করতে ভুলে গেছেন।
ওএলজির গণমাধ্যম সম্পর্ক সমন্বয়কারী টনি বিটোন্টি সিটিভি নিউজকে বলেছেন, দুঃখের বিষয় হলো টিকিটটি ওএলজির অ্যাপে কিংবা দোকানে কখনো যাচাই করা হয়নি। তিনি বলেন, তারা প্রায় এক বছর ধরে অপেক্ষা করছেন, আর মেয়াদ শেষ হতে বাকি ২৪ ঘণ্টারও কম সময়।
ওএলজি বিজয়ী নম্বরগুলোও প্রকাশ করেছে। নম্বরগুলো হলো ০৬, ১৪, ১৭, ১৯, ২৬, ৪৩ ও ৪৫ এবং বোনাস নম্বর ২৭।
লটারি কর্তৃপক্ষ খেলোয়াড়দের পোশাকের পকেট, হাতব্যাগ, ব্যাকপ্যাক, মানিব্যাগ ও গাড়ির গ্লাভ কম্পার্টমেন্টের মতো জায়গাগুলো খুঁজে টিকিটটি আছে কি না দেখতে বলেছে।
ওএলজি জানিয়েছে, মেয়াদ শেষ হয়ে গেলে ৪ কোটি ডলারের এই পুরস্কারের অর্থ ভবিষ্যতের খেলাগুলোর জন্য রেখে দেওয়া হবে।
এমন ঘটনা কানাডায় এটাই প্রথম নয়। ২০২২ সালের ২৮ জুন অন্টারিওর স্কারবরোতে একজন ৭ কোটি ডলারের লোটো ম্যাক্স ড্র জেতেন, কিন্তু টিকিটধারী কখনোই সামনে আসেননি। ওএলজি সে সময় জানিয়েছিল, টিকিটটি নিয়ে প্রায় ২ হাজার ৭০০ জন ফোন ও ইমেইল করলেও তাদের কেউই প্রকৃত বিজয়ী ছিলেন না।
আরেকটি সরকারি লটারি সংস্থা আটলান্টিক লটারি কানাডীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, প্রায় ১ শতাংশ পুরস্কার দাবিহীন থেকে যায়, তবে সেগুলোর অঙ্ক সাধারণত অনেক ছোট হয়।
এর মধ্যেই গত সপ্তাহে আলবার্টার এক বাসিন্দা কানাডার ইতিহাসের সর্ববৃহৎ লটারি জ্যাকপট ৯ কোটি ডলার জিতেছেন। তবে ওই বিজয়ীর পরিচয় এখনো প্রকাশ্যে জানানো হয়নি।




