…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

বাঁশপাতার চায়ের উদ্যোগে জাতীয় পর্যায়ে প্রথম বেরোবির দুই শিক্ষার্থী, পাচ্ছেন এক লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
বাঁশপাতার চায়ের উদ্যোগে জাতীয় পর্যায়ে প্রথম বেরোবির দুই শিক্ষার্থী, পাচ্ছেন এক লাখ টাকা
ছবি: সংগৃহীত

বাঁশপাতা থেকে পরিবেশবান্ধব চা তৈরির উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই শিক্ষার্থী। এ উদ্যোগ বাস্তবায়নে তাঁরা এক লাখ টাকার ফান্ড পাচ্ছেন।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত এক প্রতিযোগিতায় ২৩৯টি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এ সাফল্য অর্জন করেন তাঁরা।

বিজয়ী দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ১৪তম ব্যাচের মো. মাইদুল ইসলাম মাহিদ ও মো. আজিজুল ইসলাম। তাঁরা যৌথভাবে বাঁশপাতা ব্যবহার করে বিকল্প ও পরিবেশবান্ধব চা উৎপাদনের ব্যবসায়িক ধারণা উপস্থাপন করেন।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাঁশপাতার সম্ভাবনাময় ব্যবহার এবং পরিবেশবান্ধব পণ্যের ক্রমবর্ধমান চাহিদাকে বিবেচনায় নিয়ে এ উদ্যোগের পরিকল্পনা করেন মাহিদ। পরে সহপাঠী আজিজুল ইসলামকে সঙ্গে নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন করেন তিনি। বাছাইপর্বে উত্তীর্ণ হয়ে বুটক্যাম্পে অংশ নেওয়ার পর চূড়ান্ত পর্যায়ে নিজেদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন তাঁরা। এতে ২৩৯টি দলের মধ্যে প্রথম স্থান অর্জন করেন দুই শিক্ষার্থী।

বিজয়ী শিক্ষার্থীরা জানান, প্রতিযোগিতার বিচারক প্যানেলে ইউনিলিভার, গ্রিন ভয়েস, দ্য আর্থ সোসাইটি ও ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিরা ছিলেন।

নিজেদের উদ্যোগের বিষয়ে মো. মাইদুল ইসলাম মাহিদ বলেন, ‘আমরা ভাবছিলাম, বাংলাদেশে বাঁশপাতার চা নিয়ে কাজ করা যায় কি না। বিশ্বজুড়ে এ ধরনের সম্ভাবনাময় পণ্যের বাজার রয়েছে। সেই ভাবনা থেকেই আজিজুলকে সঙ্গে নিয়ে প্রতিযোগিতায় আবেদন করি। পরে নির্বাচিত হয়ে বুটক্যাম্পে অংশ নিই। শেষ পর্যন্ত প্রথম স্থান অর্জন করতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘বাঁশপাতা পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদ। এতে সিলিকা, পটাশিয়ামসহ বিভিন্ন উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আমরা বাঁশপাতার এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিবেশবান্ধব চা বাজারে আনতে চাই।’

উদ্যোক্তাদের মতে, বাঁশপাতার চা স্বাস্থ্যসচেতন ভোক্তাদের জন্য বিকল্প পানীয় হিসেবে সম্ভাবনাময় হতে পারে। তবে এর পুষ্টিগুণ, স্বাস্থ্যগত উপকারিতা এবং বাণিজ্যিক উৎপাদনের উপযোগিতা নিশ্চিত করতে আরও বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন ও এক লাখ টাকার ফান্ড পাওয়ার সুযোগকে নিজেদের উদ্যোগ বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন দুই শিক্ষার্থী। তাঁদের প্রত্যাশা, প্রয়োজনীয় গবেষণা ও পরিকল্পনার মাধ্যমে বাঁশপাতার মতো সহজলভ্য প্রাকৃতিক উপাদান কাজে লাগিয়ে দেশে নতুন পরিবেশবান্ধব পণ্যের বাজার গড়ে তোলা সম্ভব হবে।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে যেসব সুবিধা মেলে, যেভাবে তথ্য দিতে হয় ই-রিটার্নে
অর্থনীতি ও ব্যবসা

সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে যেসব সুবিধা মেলে, যেভাবে তথ্য দিতে হয় ই-রিটার্নে

সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে নিয়মিত মুনাফা পাওয়ার পাশাপাশি আয়কর রিটার্নেও কিছু সুবিধা পাওয়া যেতে পারে। বিশেষ করে সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে কেটে র…

এলপিজি ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর দাবিতে আজ বিয়ামে বিইআরসির গণশুনানি
অর্থনীতি ও ব্যবসা

এলপিজি ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর দাবিতে আজ বিয়ামে বিইআরসির গণশুনানি

সরকারের নিয়ন্ত্রক সংস্থা নিয়মিত দাম বেঁধে দিলেও অত্যাবশ্যকীয় পণ্য এলপি গ্যাসের দাম প্রায় এক বছর ধরে কার্যত নিয়ন্ত্রণহীন। সংশ্লিষ্ট পক্ষগুলো বাড়ত…

৭৭৬ টাকার সরকারি এলপিজি যায় কোথায়: বরাদ্দে অনিয়ম, কালোবাজারির অভিযোগ
অর্থনীতি ও ব্যবসা

৭৭৬ টাকার সরকারি এলপিজি যায় কোথায়: বরাদ্দে অনিয়ম, কালোবাজারির অভিযোগ

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধিসহ নানা কারণে বেসরকারি এলপি গ্যাসের সাড়ে ১২ কেজি সিলিন্ডারের খুচরা মূল্য সরকার যেখানে ১ হাজার ৯১৩ টাকা নির্ধারণ করে দিয…

ভর্তুকিতে চলা বিদ্যুৎ কোম্পানির ‘প্রফিট বোনাস’ নিয়ে প্রশ্ন, বছরে ৩০০ কোটি টাকা লোকসানের আশঙ্কা
অর্থনীতি ও ব্যবসা

ভর্তুকিতে চলা বিদ্যুৎ কোম্পানির ‘প্রফিট বোনাস’ নিয়ে প্রশ্ন, বছরে ৩০০ কোটি টাকা লোকসানের আশঙ্কা

বিদ্যুৎ উৎপাদনের ব্যয় মেটাতে সরকারকে বিপুল ভর্তুকি দিতে হচ্ছে। অথচ সরকারি সেই সহায়তা কোম্পানির হিসাবে কীভাবে ধরা হয়, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিদ্যুৎ…