ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে: ডাব প্রতীকের এজেন্ট নিয়ে বিএনপি প্রার্থীর অভিযোগ
ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে; বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে।
ভোটের দিন সকালে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন অভিযোগ করেছেন, ডাব প্রতীকের প্রার্থীর পোলিং এজেন্টরা মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে কাজ করছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ডাব মার্কার এজেন্টরা সবাই জামায়াতের এজেন্ট হয়ে গেছে এবং জামায়াতের এজেন্টরা ডাব মার্কার কাগজ নিয়ে কেন্দ্রে ঢুকেছেন।
এর আগে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর মির্জা ফয়সল আমীন জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। তবে তিনি বলেন, ব্যালটের লড়াইয়ে সাধারণ জনগণের রায়ই চূড়ান্ত এবং সেই রায় বরণ করে নেওয়ার মানসিকতা সবার থাকা উচিত।
তিনি জানান, এখন পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ আবহ বিরাজ করছে এবং ভোটাররা কোনো বিঘ্ন ছাড়াই কেন্দ্রে আসছেন। আবহাওয়া কিছুটা প্রতিকূল হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রশাসন কোনো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করার পর আসনটি শূন্য ঘোষণা করায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি বুথে ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।
স্থানীয় নির্বাচন কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন; এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। ডাকযোগে ভোটের জন্য ২৪৯ জন পুরুষ ও ৩৮ জন নারীসহ মোট ২৮৭ জন ভোটার পোস্টাল ব্যালটের নিবন্ধন করেছেন।
আসনটিতে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।



