টাঙ্গাইলের মহেড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া স্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটে মহেড়া স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়।
লাইনচ্যুত হওয়ার পর ট্রেনটি প্রায় এক কিলোমিটার পথ লাইনচ্যুত বগিটি টেনে নিয়ে যায়। এতে রেললাইনের ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় কোচের ক্ষয়ক্ষতির পাশাপাশি স্লিপার ভেঙে যাওয়া এবং রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানিয়েছেন।
দুর্ঘটনার কারণে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়েছে এবং ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
লাইনচ্যুত ট্রেনটির উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। পাকশী বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে।
হাবিবুর রহমান বলেন, লাইনচ্যুত বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান।




