তুরাগের ঘাট এলাকা থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার, বন্ধুর পোস্টে অনিশ্চয়তা

রাজধানীর তুরাগ নদীর একটি ঘাটসংলগ্ন এলাকা থেকে নিখোঁজের একদিন পর বিমানবাহিনীর সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনার পর তার সহপাঠী কেএসএম ইনতিসার ইনজিমাম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি তাহসিফের মৃত্যুর কারণ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন এবং তার অবদানের কথা তুলে ধরেছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেওয়া ওই ফেসবুক পোস্টে ইনতিসার ইনজিমাম লেখেন, “তাহসিফের মৃত্যুর কারণ আমরা এখনো জানি না। জানব কি না, তাও জানি না।”
তাহসিফের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য না থাকায় এ বিষয়ে অনুমাননির্ভর মন্তব্য না করার কথা উল্লেখ করেন ইনতিসার। তিনি লেখেন, তাহসিফকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের নানা ধরনের বয়ান রয়েছে। তবে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন কি না কিংবা তিনি ভালো না খারাপ—এসব বিচার করার বিষয়টি তাহসিফ ও তার স্রষ্টার মধ্যকার বিষয়।
পোস্টে ইনতিসার আরও দাবি করেন, ফ্যাসিস্ট শক্তির নিরাপদে পালিয়ে যাওয়ার পেছনে অভ্যন্তরীণ বাহিনীর ভূমিকা নিয়ে একটি ভিডিওর মাধ্যমে সত্য তুলে ধরতে তাহসিফ কিছুটা হলেও ভূমিকা রেখেছিলেন।
তার ভাষ্য অনুযায়ী, ওই ভিডিওর কারণে শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে নতুন করে বানোয়াট বয়ান তৈরি করা কঠিন হয়েছে।
তাহসিফের এ অবদানের স্বীকৃতি দিতে আগ্রহী সচেতন নাগরিক, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের জানাজায় অংশ নিয়ে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান ইনতিসার। জানাজায় উপস্থিত হতে না পারলে নিজ নিজ এলাকায় দোয়ার আয়োজন করারও অনুরোধ করেন তিনি।
পোস্টে তিনি লেখেন, দেশের ও সত্যের পক্ষে আল্লাহর সন্তুষ্টির জন্য যেকোনো কাজ ছোট বা বড় যা-ই হোক না কেন, তার মূল্যায়ন হওয়া উচিত।
তার মতে, কোনো ব্যবস্থাপনা বা সিস্টেম কাউকে উপেক্ষা করলেও দেশের মানুষ যেন সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো ব্যক্তিদের ভুলে না যায়। ভবিষ্যৎ কর্মকর্তাদের জন্যও এমন অবস্থান অনুপ্রেরণা হতে পারে বলে উল্লেখ করেন তিনি।
পোস্টের কমেন্টে ইনতিসার দাবি করেন, শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ভাইরাল না হলে জনগণ রাষ্ট্রীয় বাহিনীর সহায়তায় তাকে নিরাপদে দেশত্যাগের সুযোগ দেওয়ার বিষয়টি জানতে পারত না। তার মতে, ভিডিওটি না থাকলে এ ঘটনাকে ঘিরে নানা ধরনের বয়ান তৈরি হতে পারত, কিন্তু সেগুলোর বিপরীতে প্রমাণ থাকত না।




