সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই কনস্টেবলের যাবজ্জীবন

সিলেটের আলোচিত রায়হান আহমদ (৩৪) হত্যা মামলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় পুলিশের কনস্টেবল মো. হারুন অর রশিদ ও টিটু চন্দ্র দাসকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী এ রায় ঘোষণা করেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন রায়ের এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি কনস্টেবল মো. হারুন অর রশিদ ও টিটু চন্দ্র দাসকে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।
মামলার বাকি তিন আসামিকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁরা হলেন পুলিশের এসআই মো. হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী ও সাংবাদিক আব্দুল আল মামুন।
এই মামলায় মোট আসামি ছয়জন। রায় ঘোষণার সময় তাঁদের মধ্যে আদালতে উপস্থিত ছিলেন কেবল পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশেক এলাহী; বাকি পাঁচ আসামি পলাতক রয়েছেন।
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পিপি মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন বলেন, “রাষ্ট্রপক্ষ প্রাথমিকভাবে এ রায়ে সন্তুষ্ট। তবে, রায় আরও পর্যালোচনা করে প্রয়োজনে উচ্চ আদালতে যাওয়া হবে।”




