মিরপুর টেস্টে ব্যাটিংয়ের সময় কনুইয়ে চোট পেলেন লিটন, কিপিংয়ে জাকের আলী

মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় ডান কনুইয়ে বলের আঘাতে চোট পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয়। এরপর ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শুরু হলে উইকেটের পেছনে নিয়মিত কিপার লিটনের বদলে গ্লাভস হাতে দেখা যায় জাকের আলী অনিককে।
বাংলাদেশ জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, ব্যাটিংয়ের সময় বলের আঘাতে লিটনের ডান কনুইয়ে চোট লেগেছে। বর্তমানে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাঁর বদলে জাকের আলী অনিক উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন।
দলের মেডিকেল বিভাগ লিটনের চোটের ধরন ও অবস্থা পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়েছে।
সম্প্রতি চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন লিটন। মিরপুর টেস্টে নতুন করে পাওয়া এই চোটে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।



