বৃষ্টির পর মিরপুরে তাইজুলের জোড়া আঘাত, চাপে ওয়েস্ট ইন্ডিজ

বৃষ্টি আর আলোকস্বল্পতায় প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর খেলা শুরু হতেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে জ্বলে উঠলেন বাংলাদেশের স্পিনাররা। তাদের ঘূর্ণিতে সাজঘরে ফেরার মিছিল শুরু করেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা।
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে তৃতীয় সেশনের খেলা শুরু হয় স্থানীয় সময় বিকেল ৩টা ২৫ মিনিটে। এর আগে বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে বন্ধ ছিল খেলা।
তৃতীয় সেশনের শুরুতেই স্পিনার মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জন ক্যাম্পবেল। ৫৪ রানের ইনিংস খেলে বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে ওঠা এই ব্যাটারকে ফিরিয়ে স্বস্তি এনে দিয়েছেন মিরাজ।
এরপর একই ওভারে জোড়া আঘাত হানেন তাইজুল ইসলাম। প্রথমে ফেরেন কেভিম হজ — সিলি পয়েন্টে দাঁড়ানো মুমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে। দুই ওভার আগে একই ধরনের একটি ক্যাচ তুলেও বেঁচে যান হজ; সেবারও বোলার ও ফিল্ডার ছিলেন একই।
ক্রিজে আসা আমির জাঙ্গুকে প্রথম বলেই বাউন্স ও টার্ন দিয়ে দ্বিধায় ফেলে দেন তাইজুল। পরের বলেই সুইপ করতে গিয়ে মিডউইকেটে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জাঙ্গু। ফলে ৩৬তম ওভারে কোনো রান না দিয়েই দুটি উইকেট তুলে নেন তাইজুল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১০৩ রান। তেজনারায়ণ চন্দরপল ২২ ও জাস্টিন গ্রিভস ৫ রানে ব্যাট করছিলেন।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রানে অলআউট হওয়ার পর ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ।



