…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

কুষ্টিয়ায় ছয়জন হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, তিন আসামির আমৃত্যু কারাদণ্ডের রায়ে স্বস্তি শহীদ পরিবারে

নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ায় ছয়জন হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, তিন আসামির আমৃত্যু কারাদণ্ডের রায়ে স্বস্তি শহীদ পরিবারে
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই মামলায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এই রায় ঘোষণা করা হয়।

মামলাটি ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনা নিয়ে। রায় ঘোষণার পর কুষ্টিয়ার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে এবং স্থানীয় বাসিন্দাদের অনেকে এই রায়কে ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। শহীদ পরিবারের সদস্যরাও রায়ে খুশি বলে জানিয়েছেন।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কুষ্টিয়ায় ছয়টি হত্যাকাণ্ডে আসামিদের উসকানি, নির্দেশ ও সংশ্লিষ্টতার বিষয়ে টেলিফোন কথোপকথনের অডিওসহ বিভিন্ন দালিলিক প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। তদন্ত কর্মকর্তা ছাড়াও এ মামলায় মোট ১৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

কুষ্টিয়া শহরের বাসিন্দা কলেজ শিক্ষার্থী পারভেজ বলেছেন, ‘রাজনীতি মানুষের জন্য হওয়া উচিত। কিন্তু ক্ষমতার কারণে মানুষ যদি ভয় পায়, মামলা-হামলার আশঙ্কায় কথা বলতে না পারে, তাহলে সেটি কোনোভাবেই ভালো রাজনীতি নয়। হানিফ ও আতার সময়ে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা শুনেছি এবং দেখেছি। আজকের রায়ে মানুষের মধ্যে স্বস্তি এসেছে। আমরা চাই, ভবিষ্যতে কেউ যেন ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করতে না পারে।’

জুলাই সংগঠক আলমাস হাসান মামুন বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর নির্দেশনার সঙ্গে এই চার ব্যক্তিসহ আরও অনেকে জড়িত ছিলেন। তাদের সাজা হওয়ায় শহীদ জুলাই যোদ্ধাদের আত্মা শান্তি পেয়েছে। আমি আশা করি, এই রায়ের মধ্য দিয়ে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল ফ্যাসিবাদী হয়ে ওঠার সাহস পাবে না।’

জুলাই যোদ্ধা মোস্তাফিজুর রহমান পলাশ বলেন, আওয়ামী লীগ সরকার যেভাবে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করেছিল, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তার অবসান হয়েছে এবং এই আন্দোলনে কুষ্টিয়ার ছয়জন প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, ‘আমরা আশা করি, এই রায় কার্যকর হবে এবং পলাতক আসামিদের গ্রেপ্তার করে সাজা নিশ্চিত করা হবে।’

পলাশ আরও বলেন, ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাতে গিয়ে যারা শহীদ হয়েছেন, তাদের অনেকেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। শহীদ পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি চান, জুলাই যোদ্ধাদের প্রকৃত অবদান স্বীকৃতি পাক এবং শহীদ পরিবারগুলো প্রয়োজনীয় সহযোগিতা পাক।

জুলাই যোদ্ধা সুলতান মারুফ তালহা বলেন, ‘কুষ্টিয়ায় জুলাই অভ্যুত্থানে ছয়জনকে হত্যার মামলায় আসামিদের আজ ফাঁসির রায় হয়েছে। এতে আমরা আনন্দিত। সরকারকে দ্রুত এ রায় কার্যকর করার উদ্যোগ নিতে হবে। আসামিদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। যারা দেশের বাইরে পালিয়ে রয়েছে, তাদেরও আইনের আওতায় এনে দ্রুত রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।’

আন্দোলনে নিহত শহীদ আব্দুল্লাহর বাবা লোকমান হোসেন বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট। আমরা চাই, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে রায় কার্যকর করা হোক। আমরা যা হারিয়েছি, তা কখনো ফিরে পাব না। আমাদের এই ত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। ভবিষ্যতে যেন কোনো রাজনৈতিক দল ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করতে না পারে।’

২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়ায় নিহত ইউসুফ শেখের মেয়ে সীমা বলেন, ‘সরকারের কাছে আবেদন, তারা যেন ভালোভাবে যাচাই-বাছাই করে প্রকৃত দোষীদের শাস্তির ব্যবস্থা করেন। রায় হওয়ায় আমরা খুব খুশি। যারা দেশের বাইরে ও দেশের ভেতরে পলাতক রয়েছে, তাদের যেন আইনের আওতায় এনে সঠিক শাস্তি দেওয়া হয়।’

কুষ্টিয়ার বাসিন্দা মাছুদ বলেন, ‘এই রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি। তবে সবাইকে একই রায় দিলে আরও ভালো হতো। পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত এ রায় যেন কার্যকর করা হোক, তা ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে। ক্ষমতাবানরা যেন ক্ষমতা পেয়ে কখনো সাধারণ মানুষের ওপর জুলুম ও দমন-পীড়ন না করতে পারে।’

কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার বলেন, ‘এ ধরনের মানবতাবিরোধী কর্মকাণ্ডের কারণে সব আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বলে আমরা আশা করেছিলাম। কিন্তু তা হয়নি।’ তিনি আরও বলেন, ক্ষমতায় থেকে ক্ষমতার দাপটে তারা সাধারণ মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে এবং তারা ভেবেছিল চিরকাল ক্ষমতায় থাকবে।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, মাহবুব উল আলম হানিফ ও তার সহযোগীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার মানুষ রাজনৈতিক দমন-পীড়ন, হামলা-মামলা ও হয়রানির অভিযোগ করে আসছিলেন। তার ভাষ্য, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক মতের মানুষ তাদের ক্ষমতাবলয়ের কাছে অসহায় হয়ে পড়েছিলেন। তিনি বলেন, ‘আজকের রায়ের মাধ্যমে মানুষের ন্যায়বিচারের প্রত্যাশা পূরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে।’

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গাজীপুরের শ্রীপুরে ছুরিকাঘাতের পর ট্রেনের ছাদ থেকে যুবককে ফেলে দেওয়ার অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক
আইন ও অপরাধ

গাজীপুরের শ্রীপুরে ছুরিকাঘাতের পর ট্রেনের ছাদ থেকে যুবককে ফেলে দেওয়ার অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক

গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে এক যুবককে ছুরিকাঘাতের পর ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে…

পাবনার পুষ্পপাড়া হাটে ইজারা বিরোধে গুলিতে ইজারাদারসহ দুজন নিহত
আইন ও অপরাধ

পাবনার পুষ্পপাড়া হাটে ইজারা বিরোধে গুলিতে ইজারাদারসহ দুজন নিহত

পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে ইজারাদারসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার আতাইকুলা থানার …

খিলগাঁওয়ের গোড়ানে মুদিদোকানের আড়ালে ইয়াবা বিক্রি, ২৯০০ পিসসহ গ্রেপ্তার এক
আইন ও অপরাধ

খিলগাঁওয়ের গোড়ানে মুদিদোকানের আড়ালে ইয়াবা বিক্রি, ২৯০০ পিসসহ গ্রেপ্তার এক

রাজধানীর খিলগাঁও থানার গোড়ান এলাকা থেকে ২ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় কাজী ছানাউল্লাহ নামে এক ব্যক্তিকে …

নাটোরে নিহত ছাত্রদল নেতা শাকিলের পরিবার নিরাপত্তা সংকটে, টহল জোরদারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের
আইন ও অপরাধ

নাটোরে নিহত ছাত্রদল নেতা শাকিলের পরিবার নিরাপত্তা সংকটে, টহল জোরদারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের

নাটোরের গুরুদাসপুর উপজেলার নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের (৩২) পরিবার নিরাপত্তা সংকটে রয়েছে। বৃহস্পতিবার বিকেলে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন…