খিলগাঁওয়ের গোড়ানে মুদিদোকানের আড়ালে ইয়াবা বিক্রি, ২৯০০ পিসসহ গ্রেপ্তার এক

রাজধানীর খিলগাঁও থানার গোড়ান এলাকা থেকে ২ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় কাজী ছানাউল্লাহ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
অভিযানটি পরিচালনা করে অধিদপ্তরের মেট্রো খিলগাঁও সার্কেলের নেতৃত্বাধীন একটি দল। উদ্ধার করা ইয়াবাকে আমদানি নিষিদ্ধ অ্যামফিটামিনযুক্ত ট্যাবলেট বলে অধিদপ্তর জানিয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে অধিদপ্তর থেকে জানানো হয়, বুধবার দক্ষিণ গোড়ানের মদিনা সড়কের ৬১৯ নম্বর ঠিকানায় আসামির নিজ মালিকানাধীন ‘কাজী স্টোর’ নামের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দোকানের ভেতরে রাখা ক্যাশ বাক্সের ওপরের ড্রয়ারের ভেতর থেকে একটি সিনথেটিক ব্যাগে রাখা ১০টি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে অধিদপ্তর জানিয়েছে।
অভিযানের নেতৃত্বে থাকা ইন্সপেক্টর ছিদ্দিকুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে মুদি দোকানের ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি করে আসছিলেন।
তিনি বলেন, পর্যাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে নিশ্চিত হয়ে দোকানে অভিযান পরিচালনা করা হয়।




