গোপালগঞ্জের কোটালীপাড়ায় পাম্পের পানির সঙ্গে বেরোচ্ছে গ্যাস, লাইটার ধরলেই জ্বলছে আগুন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে গ্যাস বের হচ্ছে। পাইপের মুখে লাইটার বা ম্যাচ দিয়ে আগুন ধরালে দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনাটি ঘটেছে কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়নের ভাসাই বাজারে। সেখানে বিভিন্ন মাছের গাড়িতে পানি সরবরাহের জন্য হার্ডওয়্যার ব্যবসায়ী কামরুল শেখ এক বছর আগে একটি সাবমারসিবল পাম্প বসান।
কামরুল শেখ জানান, পাম্পটি ২৮০ ফুট গভীর। এক সপ্তাহ ধরে পাম্পে পানি কম উঠছিল। বুধবার, ২৮ অক্টোবর দিবাগত রাতে কৌতূহলবশত তিনি পাইপের মাথায় গ্যাস লাইটার দিয়ে আগুন ধরালে তাতে আগুন ধরে যায়।
খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ কামরুল শেখের দোকানের সামনে ভিড় জমাতে থাকেন। বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ভাসাই বাজারে গিয়ে দোকানের সামনে মানুষের ভিড় দেখা গেছে। তাদের অনুরোধে কামরুল শেখকে মাঝে মাঝে পাম্প চালিয়ে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেখাতে হচ্ছে।
এলাকার যুবক শিহাব শেখ বলেন, রাতে খবর পেয়ে সকালে তাঁরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছেন। তাঁরা চান, একটি বিশেষজ্ঞ দল এসে পরীক্ষা করে দেখুক সত্যিই মাটির নিচে গ্যাস আছে কি না। তাঁর ভাষায়, সত্যিই গ্যাস পাওয়া গেলে তা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে।
স্থানীয়রা ধারণা করছেন, এলাকায় গ্যাসক্ষেত্র থাকতে পারে। তাঁরা বাপেক্সের বিশেষজ্ঞদের দিয়ে বিষয়টি পরীক্ষা করার দাবি জানিয়েছেন।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন বলেছেন, বিষয়টি জানার পর তিনি এলাকার তহশিলদারকে ঘটনাস্থলে পাঠিয়েছিলেন। তাঁর তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে তিনি ঘটনার সত্যতা পেয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, আগামী শুক্রবার তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন।




