পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে শিশুসহ ফিলিস্তিনি আহত, হেবরনে ৩ হাজার ৩৬১ জন ঘরছাড়া
অধিকৃত পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের অভিযান, হামলা ও গ্রেফতার বেড়েছে। ফিলিস্তিনিদের চলাচল সীমিত করা, বাড়িঘর ভাঙা এবং ধরপাকড়ের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
হেবরন গভর্নরেটে ইসরায়েলি সামরিক অভিযান ও অবরোধ সপ্তম দিনে পৌঁছেছে। এই অভিযানে শত শত ফিলিস্তিনি পরিবার ঘরছাড়া বা অবরুদ্ধ হয়ে পড়েছে এবং হাজার হাজার শিক্ষার্থী শ্রেণিকক্ষে যেতে পারছে না।
পূর্ব জেরুজালেমের উত্তরে কালান্দিয়া শরণার্থী শিবিরে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় সংঘর্ষ হয়। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তাদের দল ১৫ বছর বয়সী এক কিশোরকে চিকিৎসা দিয়েছে, যার দুই পায়ে সরাসরি গুলি লেগেছে।
রেড ক্রিসেন্ট আরও জানিয়েছে, ১২ বছর বয়সী আরেক শিশু গুলির টুকরোয় আহত হয়েছে। দুজনকেই হাসপাতালে নেওয়া হয়েছে।
বেথলেহেমের দক্ষিণ-পূর্বে আল-মানিয়া গ্রামে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীরা প্রতিবন্ধী ফিলিস্তিনি মোহাম্মদ আহমদ আয়েশ থাওয়াবতাকে মারধর করেছে বলে ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে।
পশ্চিম তীরের উত্তরে বৃহস্পতিবার ভোরের আগে অভিযানে ইসরায়েলি বাহিনী তিন ভাইসহ ১৩ ফিলিস্তিনিকে আটক করেছে বলে ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস ও স্থানীয় সূত্র জানিয়েছে। বেশির ভাগ অভিযান হয়েছে নাবলুস গভর্নরেটে, যেখানে সেনারা বাড়িঘর তল্লাশি করেছে।
গত সপ্তাহে দুই ইসরায়েলি সেনা গুলির ঘটনায় নিহত হওয়ার পর হেবরনে অভিযান ও সড়ক বন্ধের ঘটনা শুরু হয়। ওই ঘটনায় দুই ফিলিস্তিনি সন্দেহভাজনও নিহত হন।
হেবরনের গভর্নর খালেদ দুদিন বৃহস্পতিবার ওয়াফাকে বলেছেন, ৫৩৭টি পরিবারের ৩ হাজার ৩৬১ জন মানুষ ঘরছাড়া হয়েছেন।
ঘরছাড়াদের মধ্যে ২৩২টি শিশু, ৩২৬ জন প্রবীণ, ১৪৭ জন গর্ভবতী বা স্তন্যদানকারী নারী এবং ২১৩ জন দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তি রয়েছেন বলে গভর্নর জানিয়েছেন। পৌরসভার হিসাব অনুযায়ী, অবরুদ্ধসহ মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৭৮০টি পরিবারের প্রায় ৫ হাজার।
গভর্নর দুদিন বলেছেন, এই অভিযানে চলতি সপ্তাহে গভর্নরেটের ৫৮৯টি বিদ্যালয়ের প্রায় ২ লাখ ৬২ হাজার শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হয়েছে এবং বিদ্যালয়গুলো দূরশিক্ষণে যেতে বাধ্য হয়েছে। দৈনিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ১ কোটি থেকে ১ কোটি ২০ লাখ শেকেল, অর্থাৎ ৩২ লাখ থেকে ৩৯ লাখ ডলার বলে কর্মকর্তারা হিসাব করেছেন।
প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, শুক্রবার থেকে বুধবার পর্যন্ত হেবরন গভর্নরেটে ইসরায়েলি বাহিনী ১১০ ফিলিস্তিনিকে আটক করেছে।
জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় কার্যালয় ওসিএইচএ বলেছে, ইসরায়েলি বাহিনী এখনো হেবরনে তৎপর রয়েছে, প্রবেশ বন্ধ করে রেখেছে এবং গভর্নরেটজুড়ে চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এতে জীবিকা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ফিলিস্তিনিদের প্রবেশ ব্যাহত হচ্ছে এবং বেশির ভাগ ঘরছাড়া পরিবার আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।



