ক্রসফায়ার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির পাল্টাপাল্টি বক্তব্য সমন্বয়হীনতার প্রমাণ: মারুফ
স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পাল্টাপাল্টি বক্তব্যই প্রমাণ করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সরকারের কার্যকর সমন্বয় নেই এবং বাহিনীটি সরকারের নিয়ন্ত্রণেও নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।
শুক্রবার (৩০ অক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখার নিয়মিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মারুফ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
তিনি বলেন, সম্প্রতি এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছেন, যেখানে ক্রসফায়ার প্রয়োজন, সরকার অনুমতি দিলে তাঁরা সেটাই করবেন।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সেই বক্তব্য সরাসরি নাকচ করে জানান, সরকার ক্রসফায়ার চায় না এবং এ বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। মারুফের মতে, দুই দায়িত্বশীলের এই পাল্টাপাল্টি বক্তব্যই সমন্বয়হীনতার প্রমাণ।
এ প্রসঙ্গ টেনে মারুফ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আগেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মনগড়া বক্তব্য দিয়েছেন। গুরুত্বপূর্ণ দায়িত্বশীল জায়গা থেকে এমন দায়সারা বক্তব্য রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোকে ভেঙে দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রশাসনের কার্যকর সমন্বয় নিশ্চিত করতে তিনি প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ ও উদ্যোগ দাবি করেন।
সভায় সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ও কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ বলেন, রাষ্ট্রীয় অর্থ খরচ করে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা ‘সংস্কার কমিশন’ নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছিল, নয় মাস পার হলেও তা দেখা যাচ্ছে না।
শরীয়াতুল্লাহ বলেন, সরকারের এই উদাসীনতা ও গড়িমসি জনগণ মেনে নেবে না। গণভোটের রায় কার্যকর না করলে সময়মতো জনগণই এর জবাব দেবে বলে তিনি মন্তব্য করেন।




