টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর খণ্ডিত ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার কদিম ধল্যা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মহাসড়কের কদিম ধল্যা এলাকায় এক নারীর খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষতচিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, রাতের কোনো এক সময়ে অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।
এসআই ইসমাইল হোসেন আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় গোড়াই হাইওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।




