গ্রিস ও তুরস্কে ভারী বৃষ্টি ও বন্যার সতর্কতা, আন্তালিয়ায় টর্নেডোতে নিহত ৪

আগামী কয়েক দিন দক্ষিণ-পূর্ব ইউরোপ ও তুরস্কের কিছু অংশে ভারী বৃষ্টি ও শক্তিশালী বাতাস অব্যাহত থাকবে। অঞ্চলটিতে থাকা একটি নিম্নচাপের কারণে শক্তিশালী বজ্রঝড় তৈরি হচ্ছে।
গ্রিস ও তুরস্কের কর্তৃপক্ষ প্রবল বৃষ্টি ও বন্যার সতর্কতা জারি করেছে। এ সপ্তাহে মধ্য গ্রিস ও তুরস্কের পশ্চিমাঞ্চলে আরও ১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও তার চেয়েও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এরই মধ্যে চলতি সপ্তাহে তুরস্কে শক্তিশালী বজ্রঝড় আঘাত হেনেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমের উপকূলীয় শহর আন্তালিয়ায় একটি তীব্র বজ্রঝড়ের সময় টর্নেডো তৈরি হয়, যাতে মঙ্গলবার চারজন নির্মাণশ্রমিক নিহত হন।
পূর্বদিকে দক্ষিণ এশিয়ায় ঘূর্ণিঝড় আরনাব আছড়ে পড়ায় ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ অঞ্চলজুড়ে শক্তিশালী বাতাস ও ভারী বৃষ্টি বয়ে গেছে।
ঘূর্ণিঝড় আরনাবের বাতাসের ঝোড়ো গতি ছিল ঘণ্টায় ৮৫ মাইলের (১৪০ কিলোমিটার) বেশি, আর কিছু এলাকায় বৃষ্টিপাত ২০০ মিলিমিটার ছাড়িয়ে গেছে। এই ভয়াবহ ঝড়ে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নিতে হয়েছে এবং জ্বালানি ও পরিবহন অবকাঠামোতে ব্যাপক বিঘ্ন ঘটেছে।
ঘূর্ণিঝড়টি উত্তর দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে আগামী দিনগুলোতে দুর্বল হয়ে পড়বে। তবে ভারতের উত্তর ও মধ্যাঞ্চলের কিছু অংশে এটি ভারী বৃষ্টি দিতে থাকবে।
পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে ঘূর্ণিঝড় ইন-ফা বুধবার সুপার টাইফুনে উন্নীত হয়েছে। এর স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় ১৫০ মাইল (২৪০ কিলোমিটার) এবং ঝোড়ো গতি ঘণ্টায় ১৮৫ মাইলের (২৯৬ কিলোমিটার) বেশি।
উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়া ইন-ফা গুয়ামকে এড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। গুয়াম চলতি মাসের শুরুতেই টাইফুন চাম্পির আঘাতে বিপর্যস্ত হয়েছিল। তবে ইন-ফা মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে—যে দ্বীপপুঞ্জ চলতি বছরই চারটি সুপার টাইফুনের কবলে পড়েছে।
অন্যদিকে প্রশান্ত মহাসাগর পেরিয়ে ক্রান্তীয় ঝড় ভ্যান্স পশ্চিম মেক্সিকোর কিছু অংশে আঘাত হেনেছে। ঝড়টি সম্প্রতি দুর্বল হয়ে ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হয়েছে।
ভ্যান্স সিনালোয়া, দুরাঙ্গো ও নায়ারিত অঞ্চলে ৫০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টি এনেছে, কিছু এলাকায় বৃষ্টি ১৫০ মিলিমিটার ছাড়িয়ে গেছে। এই ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে, আর ঝড়ের ঢেউয়ে উপকূলে বিপজ্জনক সার্ফ ও রিপ কারেন্ট পরিস্থিতি তৈরি হয়েছে।




