আশুলিয়ার ধলপুরে বিরোধের জেরে গুলি, হাঁটুতে গুলিবিদ্ধ যুবক হাসপাতালে

ঢাকার আশুলিয়ায় গুলিতে সাইদুর রহমান (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. রাকিবুল হাসান ইশান সাংবাদিকদের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আহত সাইদুরের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার পাঠানটারি এলাকায়। তিনি ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশুলিয়া থানাধীন ধলপুর এলাকার বাসিন্দা রকি দেওয়ানের (২৬) সঙ্গে একই গ্রামের হাফিজুর রহমানের (৪৫) দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাফিজুরের ছেলে আসিফ (২৩) ও তার সহযোগী কামরুল (৩৩) মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে আসেন। তারা রকি দেওয়ানকে লক্ষ্য করে তিন রাউন্ড পিস্তলের গুলি ছোড়েন।
একটি গুলি রকি দেওয়ানের সঙ্গে থাকা তার বন্ধু সাইদুর রহমানের বাম পায়ের হাঁটুর ওপরে লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইশান জানিয়েছেন, গুলির খবর পাওয়ার পর পুলিশ দ্রুত তৎপরতা শুরু করে। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।




