ঢাকার ধানমন্ডিতে ট্রাইব্যুনাল বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ৪

রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের আগে এ ঘটনা ঘটে।
সে সময় বিচারক নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যেই তাঁর বাসার সামনে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিচারক মঞ্জুরুল বাছিদের ছেলে মাহমুদুল বাসিত। তিনি জানান, জুমার নামাজের ঠিক আগমুহূর্তে তাঁদের ধানমন্ডির বাসার সামনে তিনটি ককটেল নিক্ষেপ করা হয়।
এ বিষয়ে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারকের বাসার সামনে অন্তত চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ দল সেগুলো নিষ্ক্রিয় করে।
উপপুলিশ কমিশনার আরও জানান, ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।




