রাজশাহীর পবায় বাস-ভ্যান মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ দুজন নিহত

রাজশাহীর পবা উপজেলায় বাস ও ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার নওহাটা আনসার ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন রাজশাহীর এয়ারপোর্ট থানার শিয়ালবেড় এলাকার নফিরউদ্দিন (৬৫) এবং পবা থানার জয়কৃষ্ণপুর এলাকার মফিদুল ইসলাম (৪৫)।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন দুর্ঘটনা ও দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, একটি রিজার্ভ বাসের সঙ্গে ভ্যানগাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালকসহ দুজন গুরুতর আহত হন।
ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক নফিরউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
পরে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে মফিদুল ইসলামেরও মৃত্যু হয় বলে ওসি জানিয়েছেন।
দুর্ঘটনাকবলিত বাস ও ভ্যানগাড়ি উদ্ধার করে পবা থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা হয়েছে।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন। নিহত দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




