মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাসমালিককে পিটিয়ে আহত, ১ লাখ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পিটিআই গেটসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে নীলাচল পরিবহনের মালিক আরিফুল ইসলাম ও তাঁর ভাগনে আল-আমিনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। হামলার সময় আরিফুল ইসলামের পকেট থেকে ১ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পিটিআই গেটসংলগ্ন এলাকায়। আহত দুজনকে পরে স্থানীয়দের সহায়তায় মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় শুক্রবার আরিফুল ইসলাম মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে সেলফি পরিবহনের চালক ও সুপারভাইজারসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে নীলাচল ও সেলফি পরিবহনের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে ঘটনার রাতে অভিযুক্তরা আরিফুল ইসলাম ও তাঁর ভাগনে আল-আমিনের পথরোধ করেন। একপর্যায়ে তাঁদের ওপর লোহার রড, হাতুড়ি ও চেসিস দিয়ে হামলা চালানো হয়। হামলায় দুজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
আরিফুল ইসলামের অভিযোগ, হামলার সময় সেলফি পরিবহনের চালক ও সুপারভাইজার তাঁর প্যান্টের পকেট থেকে নগদ ১ লাখ ৪০ হাজার টাকা নিয়ে যান। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশ ও লাশ গুমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
আরিফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরেই তাঁদের ওপর এই হামলা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটেছে। দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি মীমাংসা করে দেওয়ার চেষ্টা করবেন তিনি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযুক্ত সেলফি পরিবহনের চালকের বক্তব্য জানার জন্য কল করা হলে তাঁর নম্বর বন্ধ পাওয়া যায়।




