আজ সকাল ১১টায় এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় প্রকাশ করা হবে। দেশের সব শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশিত হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
ফল প্রকাশের সঙ্গে সঙ্গে দেশের সব শিক্ষা বোর্ডের ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে পাওয়া যাবে। শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।
অনলাইনে ফল জানতে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে যেতে হবে। ফল পাওয়া যাবে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd—এই দুটি ওয়েবসাইটে। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। যেমন: HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠালেই ফল জানা যাবে।
ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগও থাকছে। ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে এই আবেদন করা যাবে। আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিসে সরাসরি কোনো ফলাফল পাওয়া যাবে না। ফল জানতে হলে শিক্ষার্থীদের অনলাইন, এসএমএস কিংবা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ওপরই নির্ভর করতে হবে।




