মালদ্বীপের মালেতে কেক কাটা ও দোয়া মাহফিলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপের রাজধানী মালেতে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে মালের সি-বিল্ডিং মিলনায়তনে মালদ্বীপ যুবদলের উদ্যোগে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। যুবনেতা আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সিনিয়র সহসভাপতি নেহের মিয়া রানা, সহসভাপতি মো. ফারুক, মুক্তার হোসেন ও রহিম মিয়া এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন সহসাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও মনির হোসেন, ক্রীড়া সম্পাদক মামুন, যুবনেতা মাহাবুব আলম, আবু জাহের ও আবু আহমেদ সেলিম, স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মাসুম মুন্না এবং যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বক্তারা যুবদলের প্রতিষ্ঠার প্রেক্ষাপট, সাংগঠনিক আদর্শ ও রাজনৈতিক অঙ্গীকার নিয়ে আলোচনা করেন এবং প্রবাসে সংগঠনের ভিত্তি সুদৃঢ় করতে নেতাকর্মীদের ঐক্য, সংহতি ও সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. খলিলুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি দেশের রাজনৈতিক ও সাংগঠনিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত শক্তিশালী করার আহ্বান জানান।
প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তিনি বলেন, বৈধ ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠাতে হবে এবং বিদেশের মাটিতে প্রত্যেক বাংলাদেশিকে দায়িত্বশীল আচরণ করতে হবে, যাতে দেশের ভাবমূর্তি, মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ডে কেউ সম্পৃক্ত না হয়।
সমাপনী পর্বে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ, সমৃদ্ধি ও ভবিষ্যৎ অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে অতিথি ও নেতাকর্মীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং মিলনায়তনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।



