সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ফেনসিডিল ও ভারতীয় ওষুধ জব্দ
সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ১৪ বোতল ফেনসিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (৩০ অক্টোবর) কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার রাত ২টার দিকে শ্যামনগর থানার যাদবপুর বাজার-সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন কৈখালী।
অভিযানে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ১৪ বোতল ফেনসিডিল এবং শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, জব্দ করা ফেনসিডিল ও ওষুধের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কোস্ট গার্ড জানিয়েছে।




