ব্যালট গণনা থামাতে হুমকি দেওয়া যাবে না: বিচার বিভাগকে ফেডারেল বিচারকের নিষেধাজ্ঞা

ব্যালট প্রক্রিয়াকরণ বন্ধ করতে নির্বাচনকর্মীদের হুমকি বা চাপ দেওয়া থেকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে (ডিপার্টমেন্ট অব জাস্টিস) বিরত থাকতে নির্দেশ দিয়েছেন একজন ফেডারেল বিচারক। শুক্রবার গভীর রাতে দেওয়া এই আদেশে আরও বলা হয়েছে, যেসব ব্যালট ফেডারেল সরকারের বিবেচনায় অযোগ্য ভোটারদের দেওয়া হতে পারে, সেগুলো আলাদা করে রাখতে বা গণনা না করতে স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের বাধ্য করা যাবে না।
স্থানীয় নির্বাচনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার জন্য এই আদেশ আরেকটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। একই দিন, শুক্রবার, একটি ফেডারেল আপিল আদালত বিচার বিভাগের সেই আবেদন খারিজ করে দিয়েছে, যেখানে ক্যালিফোর্নিয়াকে মধ্যবর্তী নির্বাচনে পাওয়া বিতর্কিত ব্যালটগুলো আলাদা করে রাখতে বলা হয়েছিল। রাজ্যপরিচালিত নির্বাচনের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠায় ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার এটি সর্বশেষ ব্যর্থতা।
প্রশাসনের অভিযোগ, ক্যালিফোর্নিয়া প্রায় ২০ হাজার এমন মানুষের কাছে ব্যালট পাঠিয়েছে, যাঁরা হয়তো যুক্তরাষ্ট্রের নাগরিক নন। প্রশাসন চায়, নাগরিকত্ব যাচাই না হওয়া পর্যন্ত ওই ব্যালটগুলো আলাদা রেখে গণনা না করা হোক। তবে ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা বলছেন, তালিকাটি অত্যন্ত অবিশ্বস্ত এবং এতে সম্ভবত অনেক মার্কিন নাগরিকও রয়েছেন।
বুধবার একজন জেলা আদালতের বিচারক জোরালোভাবে ওই আবেদন নাকচ করে দেন এবং সতর্ক করেন, বিচার বিভাগের দাবি নাগরিকদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে।
শুক্রবার নবম সার্কিট আপিল আদালতের প্যানেল ২-১ ভোটে দেওয়া রায়ে লিখেছে, ‘জেলা আদালত যেমনটি দেখেছেন — এবং আমরা কোনো স্পষ্ট ভুল খুঁজে পাইনি — পুরো ব্যবস্থার ওপর সম্ভাব্য বিপর্যয়কর প্রভাব ছাড়া নির্দিষ্ট ব্যক্তিদের ব্যালট শনাক্ত ও আলাদা করার কোনো বাস্তবসম্মত উপায় নেই।’
সংখ্যাগরিষ্ঠের এই মতামত লিখেছেন বিচারক মার্ক জে বেনেট, যিনি ডোনাল্ড ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত, এবং বিচারক গ্যাব্রিয়েল পি সানচেজ, যিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নিয়োগপ্রাপ্ত। রায়ের বিষয়ে মন্তব্য চাইলে বিচার বিভাগের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। তবে অ-নাগরিকদের ভোট ঠেকানোর ব্যাপক প্রচেষ্টা সম্পর্কে বিভাগটি এক বিবৃতিতে বলেছে, ‘ফেডারেল আইন অ-নাগরিকদের ভোট দেওয়া নিষিদ্ধ করে। সেই আইন কার্যকর করা কোনো এজেন্ডার বিষয় নয়। এটি বিভাগের দায়িত্ব।’
মঙ্গলবার শেষ হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনে ক্যালিফোর্নিয়ায় ইতিমধ্যে লাখ লাখ মানুষ ভোট দিয়েছেন। কয়েক লাখ ব্যালট ইতিমধ্যে প্রক্রিয়াকরণও হয়ে গেছে। নির্বাচন কর্মকর্তারা বলেছেন, প্রক্রিয়াকরণ হয়ে যাওয়া ভোটগুলো কোন ভোটার দিয়েছেন, তা আর মিলিয়ে দেখা সম্ভব নয়।
এই প্রেক্ষাপটে লস অ্যাঞ্জেলেসের শীর্ষ ফেডারেল প্রসিকিউটর বিল এসাইলি সতর্ক করে বলেছেন, ‘যে নির্বাচন কর্মকর্তা জেনেশুনে কোনো অ-নাগরিকের ব্যালট প্রক্রিয়াকরণ করবেন, তিনি নিজেকে আইনি ঝুঁকির মুখে ফেলবেন।’ ফেডারেল বিচারকের সর্বশেষ আদেশের পর সেই হুমকির পথ এখন বন্ধ থাকবে, কারণ আদেশ অনুযায়ী বিচার বিভাগ নির্বাচনকর্মীদের হুমকি বা চাপ দিয়ে ব্যালট প্রক্রিয়াকরণ থামাতে পারবে না।




