ঢাকার বাজারে চড়া দামে হিমশিম ক্রেতারা: শিম ১২০, বেগুন-কাঁকরোল ১০০ টাকা কেজি

রাজধানী ঢাকার বাজারগুলোতে নিত্যপণ্যের উচ্চমূল্যে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। শীতকালীন সবজির আগাম সরবরাহ শুরু হলেও অধিকাংশ সবজির দাম এখনও চড়া। মাছ, মাংস ও মুরগির দামেও স্বস্তি নেই। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
সবজির বাজারে আজ প্রতি কেজি ফুলকপি, ঝিঙা, লাউ, কচুমুখী ও পটল বিক্রি হচ্ছে ৮০ টাকা করে। বেগুন ও কাঁকরোলের দাম কেজিতে ১০০ টাকা। আগাম জাতের মুলা ও ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা এবং শিম ১২০ টাকা কেজি দরে।
আলু বিক্রি হচ্ছে কেজি ৩০ টাকায় এবং টমেটো ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। পেঁপের কেজি ৩০ টাকা এবং মিষ্টিকুমড়া ৫০ টাকা। ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায় এবং আকারভেদে প্রতিটি লাউ ৪০ থেকে ৬০ টাকায়। কাঁচামরিচের দাম কেজিপ্রতি ১২০ থেকে ১৪০ টাকা। তবে বাজার ও পণ্যের মানভেদে দামের কিছুটা পার্থক্য রয়েছে।
মাছের বাজারেও উচ্চমূল্য ভোগাচ্ছে ক্রেতাদের। তেলাপিয়া বিক্রি হচ্ছে প্রতি কেজি ২২০ থেকে ২৩০ টাকায় এবং পাঙাশ ২২০ থেকে ২৫০ টাকায়। আকার ও মানভেদে রুই-কাতলা বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৬০০ টাকা কেজি দরে।
চিংড়ির দাম প্রতি কেজি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। এছাড়া পাবদা বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৬০০ টাকা এবং ট্যাংরা ৮০০ টাকা কেজি দরে।
মাংসের বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়, কক ও লেয়ার মুরগি ৩০০ থেকে ৩৩০ টাকায় এবং দেশি মুরগি প্রায় ৬৫০ টাকায়। গরুর মাংসের কেজি ৮২০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকা।
ডিমের বাজারে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায় এবং সাদা ডিম ১২০ থেকে ১৩০ টাকায়। হাঁসের ডিমের ডজন ১৮০ থেকে ১৯০ টাকা। বাজার ও দোকানভেদে এসব দামেও পার্থক্য রয়েছে।
বিক্রেতারা বলছেন, পাইকারি বাজার থেকে বেশি দামে পণ্য কিনতে হওয়ায় খুচরা পর্যায়েও দাম বেশি রাখতে হচ্ছে। মাছের ক্ষেত্রে আকার, প্রজাতি ও সরবরাহের ওপর দাম নির্ভর করছে।
সবজি বিক্রেতা আসাদুল বলেন, ‘ক্রেতারা মনে করেন, বিক্রেতারা বেশি লাভের জন্য দাম বাড়ান। কিন্তু বাস্তবতা ভিন্ন, আমাদেরও বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। কিছু সবজির সরবরাহ বাড়লেও সব ধরনের সবজির দাম একসঙ্গে কমে না। আমরা চাই বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকুক, যাতে কম দামে কিনে ক্রেতাদেরও কম দামে দিতে পারি।’
রায়সাহেব বাজারে বাজার করতে আসা বাধন হাসান বলেন, ‘আমরা তো বিলাসিতার জন্য বাজার করি না, পরিবারের মুখে দুবেলা খাবার তুলে দেওয়ার জন্য করি। কিন্তু বাজারে এসে প্রতিদিনই হিসাব মেলাতে হচ্ছে। মাছ কিনতে গেলে সবজি কম নিতে হয়, মাংস কিনতে গেলে অন্য কিছু বাদ দিতে হয়। আয় তো আর বাড়ছে না, অথচ প্রতিদিন খরচ বাড়ছে। সাধারণ মানুষের কষ্টটা দেখার যেন কেউ নেই।’



