দেশের বাজারে ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৫ হাজার ৪৮২ টাকা।
শনিবার (৩১ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। শুক্রবার প্রতি ভরি স্বর্ণ বেচাকেনা হয়েছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়।
বাজুস জানায়, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারের আগে দাম কমেছে বৈশ্বিক বাজারেও।
স্বর্ণ ও রুপার দামের ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে আজ সকালে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৩ হাজার ৯৯৫ ডলার।
নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
রুপার দামও নতুন করে জানিয়েছে বাজুস। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।




