আলিমে পাসের হার ৬১.০৭ শতাংশ, দুই বছরে কমল ৩২ পয়েন্ট; জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় এবার পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫—দুটোই কমেছে; আর টানা দুই বছর ধরে আলিমের ফলে অবনতি চলছে।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন একযোগে সারা দেশে ফল প্রকাশের ঘোষণা দেন। সেখানে ফলের সারসংক্ষেপ তুলে ধরা হয়।
প্রকাশিত ফল অনুযায়ী, এবার আলিম পরীক্ষায় অংশ নেন ৮৯ হাজার ৩২১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ৫৪ হাজার ৫৪৭ জন, আর অকৃতকার্য হয়েছেন ৩৪ হাজার ৭৭৪ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২৯ হাজার ২৬৯ জন এবং ছাত্রী ২৫ হাজার ২৭৮ জন।
জিপিএ-৫ পাওয়াদের মধ্যে ছাত্র ২ হাজার ২৮ জন এবং ছাত্রী ১ হাজার ২২২ জন। অর্থাৎ জিপিএ-৫ পাওয়া প্রতি পাঁচজনের মধ্যে তিনজনের বেশি ছাত্র।
গত বছর আলিমে পাসের হার ছিল ৭৫ দশমিক ৬১ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ২৬৮ জন। অর্থাৎ এক বছরে পাসের হার কমেছে সাড়ে ১৪ শতাংশ পয়েন্ট এবং জিপিএ-৫ কমেছে ১ হাজার ১৮ জন।
আলিমে ফলের অবনতি চলছে টানা দুই বছর ধরে। ২০২৪ সালে আলিমে পাসের হার ছিল ৯৩ দশমিক ৪০ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৬১৩ জন। সে তুলনায় দুই বছরে পাসের হার কমেছে ৩২ শতাংশ পয়েন্ট, আর জিপিএ-৫ কমেছে প্রায় দুই-তৃতীয়াংশ।
তবে ১১টি শিক্ষা বোর্ডের গড়ের তুলনায় আলিমের ফল কিছুটা ভালো। এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় সব বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ; আলিমে পাসের হার সেই গড়ের চেয়ে প্রায় ৯ শতাংশ পয়েন্ট বেশি। সব বোর্ড মিলিয়ে এ বছর জিপিএ-৫ পেয়েছেন মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।




