কারিগরি বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ, অর্ধেকের বেশি শিক্ষার্থী অকৃতকার্য; জিপিএ-৫ পেয়েছেন ৮৮৬ জন

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় এবার পাস করেছে ৪৯ দশমিক ৪৩ শতাংশ শিক্ষার্থী। অর্থাৎ এই বোর্ডে অর্ধেকের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছেন ৮৮৬ জন।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফল প্রকাশের ঘোষণা দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষায় এবার অংশ নেয় ১ লাখ ২ হাজার ৯৪৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ৫০ হাজার ৮৮৯ জন, আর অকৃতকার্য হয়েছেন ৫২ হাজার ৫৮ জন।
গতবার এই বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬১০ জন। এবার পাসের হার কমেছে প্রায় ১৩ শতাংশ পয়েন্ট, আর জিপিএ-৫ কমেছে প্রায় অর্ধেক।
দুই বছর আগের চিত্র ছিল আরও ভিন্ন। ২০২৪ সালে এই বোর্ডে পাসের হার ছিল ৮৮ দশমিক ০৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৯২২ জন। দুই বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ৩৯ শতাংশ পয়েন্ট, আর জিপিএ-৫ কমেছে ৮০ শতাংশের বেশি।
পাসের হারে ছাত্রীরা অনেক এগিয়ে আছেন এই বোর্ডে। ছাত্রীদের পাসের হার ৬১ দশমিক ৬৪ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৪৪ দশমিক ৬৮ শতাংশ। পাস করেছেন ৩৩ হাজার ৯৯ জন ছাত্র ও ১৭ হাজার ৭৯০ জন ছাত্রী।
জিপিএ-৫-এ ব্যবধান আরও বড়। জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ৭০৬ জনই ছাত্রী; ছাত্র মাত্র ১৮০ জন। অর্থাৎ এই বোর্ডে প্রতি পাঁচজন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর চারজনই ছাত্রী।
এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ; কারিগরি বোর্ডের পাসের হার সেই গড়ের চেয়েও কম। মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন; পরীক্ষায় অংশ নেয়নি প্রায় ৫ হাজার শিক্ষার্থী।




