আজ মধ্যরাত থেকে সাগর-নদীতে জাটকা শিকারে আট মাসের নিষেধাজ্ঞা

আজ শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারের ওপর আট মাসের নিষেধাজ্ঞা। ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মৎস্য বিভাগ এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, রবিবার (১ নভেম্বর) থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের কম আকারের জাটকা ইলিশ ধরা, কেনা-বেচা, পরিবহন, বিনিময় ও মজুদ করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
আইন অমান্য করলে এক বছর থেকে দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।
জাটকা রক্ষায় জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌপুলিশের সমন্বয়ে সাগর ও নদীতে অভিযান চালানো হবে বলে পটুয়াখালী জেলা মৎস্য বিভাগ জানিয়েছে। তবে নিষেধাজ্ঞা শুরুর প্রাক্কালে পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো প্রচারাভিযান এখন পর্যন্ত চোখে পড়েনি।
কলাপাড়ার জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, ‘জাটকা রক্ষায় জেলার সব নদী ও সাগরে আমাদের অভিযান চলবে। পাশাপাশি নৌ-পুলিশ, থানা পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী ও জেলা প্রশাসনও অভিযান পরিচালনা করবে। তাই আমরা জেলেদের জাটকা নিধন থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। তারপরও যদি কেউ আইন অমান্য করে, তাহলে তার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’
তিনি আরও জানান, নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলার নিবন্ধিত ৭৯ হাজার জেলেকে চার মাস ভিজিএফ কর্মসূচির আওতায় মাসে ৪০ কেজি করে চাল দেওয়া হবে।




