…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় হামে আক্রান্ত ১ হাজার ৩৫০ ছাড়িয়েছে, কেন্দ্রে ল্যাঙ্কাস্টারের অ্যামিশ জনগোষ্ঠী

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে চলতি বছর হামে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৫০ ছাড়িয়েছে। অঙ্গরাজ্যটির স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে এ বছর পেনসিলভানিয়াতেই হামে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত ব্যক্তিদের এক-তৃতীয়াংশের বেশি ল্যাঙ্কাস্টার কাউন্টির বাসিন্দা। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি অ্যামিশ জনগোষ্ঠীর বসবাস এই কাউন্টিতে।

গত ৩৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে দেখা দেওয়া সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবের কেন্দ্র হয়ে উঠেছে ল্যাঙ্কাস্টার কাউন্টি এলাকাটি।

এর মধ্যে হাম ও হামের উপসর্গে ল্যাঙ্কাস্টার কাউন্টিতে তিনজন এবং অন্য কাউন্টিগুলোতে দুজনের মৃত্যু হয়েছে।

হামের প্রাদুর্ভাবের ভয়াবহতা তুলে ধরে একজন বিশিষ্ট চিকিৎসক সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রে যাঁরা হামের ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন, তাঁদের কারও নিরাপদ বোধ করার সুযোগ নেই। যাঁরা টিকা নেননি কিংবা আগে কখনো হামে আক্রান্ত হননি, তাঁদের কেউই এই ভাইরাস থেকে নিরাপদ নন বলে তিনি জানান।

অ্যামিশ জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই টিকা গ্রহণের হার কম। সাধারণ জনগোষ্ঠীর মধ্যেও এখন টিকা নেওয়ার প্রবণতা কমছে। ফলে অত্যন্ত সংক্রামক এই ভাইরাস ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। অথচ ২০০০ সাল থেকে যুক্তরাষ্ট্রে হাম নির্মূল হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল।

কমিউনিটির নেতারা বলছেন, আক্রান্তের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি হতে পারে। কারণ, হামে আক্রান্ত অনেকেই চিকিৎসকের কাছে যান না, ফলে তাঁদের অনেকের আক্রান্ত হওয়ার তথ্য সরকারি হিসাবের বাইরে থেকে যাচ্ছে।

অ্যামিশ ও রক্ষণশীল মেনোনাইট সম্প্রদায়ের সদস্যদের নিয়ে গঠিত ‘প্লেইন কমিউনিটি’ বা অনাড়ম্বর জীবনযাপনকারী ধর্মীয় জনগোষ্ঠীর মধ্যে এই প্রাদুর্ভাবের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য অনুসারে এই জনগোষ্ঠীর সদস্যরা সাধারণ পোশাক পরেন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সীমিত রাখেন।

তবে এই জনগোষ্ঠীর সব সদস্যের মধ্যে টিকা গ্রহণের হার কিংবা টিকা সম্পর্কে মনোভাব এক রকম নয়। সামগ্রিকভাবে সাধারণ জনগোষ্ঠীর তুলনায় তাঁদের টিকা নেওয়ার প্রবণতা কম। এর পেছনে ধর্মীয় বিধিনিষেধের চেয়ে সংস্কৃতি ও দীর্ঘদিনের অভ্যাস বেশি দায়ী বলে মনে করা হয়।

এর আগে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসসহ কয়েকটি এলাকায় মেনোনাইট জনগোষ্ঠীর মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। চলতি বছরও যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঙ্গরাজ্যে হামে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে।

প্লেইন কমিউনিটির মানুষেরা সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ সীমিত রাখলেও তাঁরা পুরোপুরি বিচ্ছিন্ন নন। কৃষিপণ্যের বাজার, চিকিৎসকের চেম্বারসহ বিভিন্ন জায়গায় তাঁদের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ হয়। ফলে তাঁদের মধ্যে হাম ছড়িয়ে পড়লে তা বৃহত্তর সমাজেও প্রভাব ফেলতে পারে।

কমিউনিটির নেতা ও গবেষকেরা বলছেন, বছরের পর বছর এই জনগোষ্ঠীর মধ্যে টিকা সম্পর্কে মনোভাবের পরিবর্তন ঘটেছে। কখনো টিকা গ্রহণের প্রতি আগ্রহ বেড়েছে, আবার কখনো কমেছে। সর্বশেষ কোভিড-১৯ মহামারির সময় কঠোর জনস্বাস্থ্যবিধি আরোপের প্রতিক্রিয়ায় টিকা নেওয়ার বিষয়ে তাঁদের আগ্রহ কমে যায়। বর্তমান প্রাদুর্ভাবের কারণে তাঁদের অনেকেই এখন টিকা নিতে আগ্রহী হচ্ছেন, তবে একই সঙ্গে অন্যদের মধ্যে টিকা নিয়ে সংশয় ও অবিশ্বাস আরও জোরালো হচ্ছে। কমিউনিটির নেতা ও বিশেষজ্ঞরা বলছেন, যাঁরা টিকা এড়িয়ে চলেন, তাঁদের বেশির ভাগের সিদ্ধান্তের পেছনে কোনো আদর্শিক অবস্থান কাজ করে না।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ, বেশি নিলেই ব্যবস্থা
স্বাস্থ্য

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ, বেশি নিলেই ব্যবস্থা

মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস…

মিরপুরে ডেঙ্গু শনাক্তে ‘মোবাইল ফিভার ক্লিনিক’ চালু, বিনামূল্যে মিলছে নানা সেবা
স্বাস্থ্য

মিরপুরে ডেঙ্গু শনাক্তে ‘মোবাইল ফিভার ক্লিনিক’ চালু, বিনামূল্যে মিলছে নানা সেবা

রাজধানীর মিরপুরে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসায় ‘মোবাইল ফিভার ক্লিনিক’ সেবা কার্যক্রম চালু করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগ…

স্বাস্থ্য

ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর

বায়ুদূষণে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে আজ ঢাকার অবস্থান ১৩ নম্বরে। বাতাসের মান সূচকে রাজধানীর স্কোর নিয়ে শহরটি ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর…

অ্যান্টিবায়োটিকের ডোজ মাঝপথে থামালে যে ক্ষতি হয়: সুপারবাগ থেকে ব্যর্থ চিকিৎসা
স্বাস্থ্য

অ্যান্টিবায়োটিকের ডোজ মাঝপথে থামালে যে ক্ষতি হয়: সুপারবাগ থেকে ব্যর্থ চিকিৎসা

অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ না করার ক্ষতি সুদূরপ্রসারী ও মারাত্মক। চিকিৎসকেরা সাধারণত ৫, ৭ বা ১০ দিনের যে কোর্স নির্ধারণ করেন, তার পেছনে সুনির্দ…