খুলনার ছয় কলেজ থেকে এইচএসসিতে একজনও পাস করেনি, যশোর বোর্ডে এমন প্রতিষ্ঠান ১৬টি

এবারের এইচএসসি পরীক্ষায় খুলনার ছয়টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মোট ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী পাস করেননি, যার মধ্যে খুলনার ছয়টি কলেজ রয়েছে।
যশোর বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে খুলনার শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানগুলোর নাম জানা গেছে। সেগুলো হলো মডেল মহিলা কলেজ, ইনডিপেনডেন্ট আইডিয়াল কলেজ, কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির, কয়রা শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ, কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস কলেজ ও খুলনা নিউজপ্রিন্ট মিলস স্কুল অ্যান্ড কলেজ।
এর মধ্যে খুলনার পাইকগাছার কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির কলেজের ক্ষেত্রে একই চিত্র আগের বছরও দেখা গিয়েছিল। ওই প্রতিষ্ঠান থেকে ২০২৫ সালেও পাঁচজন পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করেননি।
এ বিষয়ে যশোর বোর্ডের সচিব অধ্যাপক ড. আব্দুল মতিন বলেছেন, ২০২৫ সালে শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তাদের বক্তব্যও শোনা হয়েছে।
অধ্যাপক আব্দুল মতিন বলেন, কারণগুলো বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এ বছরও শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।
বোর্ড সচিব জানান, প্রয়োজনে এসব প্রতিষ্ঠানের অধিভুক্তি নবায়ন বন্ধ করে দেওয়া হতে পারে।




