চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজে টানা তিন বছর এইচএসসিতে পাস করেনি কেউ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম ধস নেমেছে। টানা তিন বছর ধরে প্রতিষ্ঠানটি থেকে একজন শিক্ষার্থীও পাস করেননি।
শনিবার (৩১ অক্টোবর) রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলেও দেখা যায়, প্রতিষ্ঠানটি থেকে এইচএসসিতে অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থীও ফেল করেছেন।
বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ভোলাহাট কলেজের মানবিক বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী অংশ নেন। শেষ পর্যন্ত তিনি অকৃতকার্য হন। ফলে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় দুটি বিভাগ থেকে পাঁচজন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে তিনজন ফেল করেন। ওই বছর কলেজটিতে শিক্ষক ছিলেন ১৭ জন। এরপর ২০২৪ ও ২০২৫ সালেও শতভাগ শিক্ষার্থী ফেল করেন।
এ বিষয়ে বক্তব্য জানতে ভোলাহাট কলেজের অধ্যক্ষ মাসুদ রানার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ফল বিপর্যয় কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রতিষ্ঠানটির সার্বিক বিষয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছি। স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ও কার্যকর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”




