স্কোপাস গবেষণা প্রকাশনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে যশোরের যবিপ্রবি

আন্তর্জাতিক গবেষণা তথ্যভান্ডার স্কোপাসে সূচিবদ্ধ গবেষণা প্রকাশনার সংখ্যায় দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন বছরে বিশ্ববিদ্যালয়টির গবেষকদের ১ হাজার ৩৭৪টি গবেষণা প্রকাশনা তালিকায় স্থান পেয়েছে।
২০২৬ সালের অক্টোবরের শেষ দিকে স্কোপাসের প্রতিষ্ঠানভিত্তিক অনুসন্ধানের সর্বশেষ পরিসংখ্যানের ভিত্তিতে রিসার্চ হাবে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
তালিকা অনুযায়ী, দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং তৃতীয় স্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
দেশের সরকারি ও বেসরকারি মোট ১৬৭টি বিশ্ববিদ্যালয় নিয়ে তৈরি এ তালিকায় যবিপ্রবির অবস্থান ১৬তম। সামগ্রিক তালিকায় প্রথম স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং তৃতীয় স্থানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণে পাঁচটি সূচক বিবেচনা করা হয়েছে। এর মধ্যে মোট গবেষণা প্রকাশনায় ৬০ শতাংশ, মোট উদ্ধৃতিতে ২০ শতাংশ, প্রতি প্রকাশনায় গড় উদ্ধৃতিতে ১০ শতাংশ, গবেষণায় আন্তর্জাতিক অংশগ্রহণের হারে ৫ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক এইচ-ইনডেক্সে ৫ শতাংশ গুরুত্ব দেওয়া হয়েছে।
তালিকার তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন বছরে যবিপ্রবির গবেষকদের ১ হাজার ৩৭৪টি গবেষণা প্রকাশনা বিবেচনায় নেওয়া হয়েছে। এসব গবেষণাপত্র মোট ১৮ হাজার ৬১৯ বার উদ্ধৃত হয়েছে।
প্রতি গবেষণাপত্রে গড় উদ্ধৃতির সংখ্যা ১৩ দশমিক ৬ এবং গবেষণায় আন্তর্জাতিক অংশগ্রহণের হার ৫৮ দশমিক ৬ শতাংশ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টির প্রাতিষ্ঠানিক এইচ-ইনডেক্স ৫৬।
এ অর্জনের বিষয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, শিক্ষকদের প্রচেষ্টা ও গবেষণার প্রতি আন্তরিকতার কারণেই স্কোপাস ইনডেক্সড জার্নালে গবেষণা প্রকাশনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থান অর্জন করা সম্ভব হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয় বলে তিনি উল্লেখ করেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, গবেষণার অগ্রগতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষকদের প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ও সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টা ও গবেষণাবান্ধব পরিবেশের মাধ্যমে আগামীতে যবিপ্রবি গবেষণায় আরও ভালো অবস্থানে পৌঁছাবে।
স্কোপাস বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গবেষণা তথ্যভান্ডার হিসেবে পরিচিত।




