টাঙ্গাইলের ঘাটাইলে ক্যাম্পে বিনামূল্যে সেবা পেলেন প্রায় ৪০০ রোগী
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চানতারা গণ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। গত ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই ক্যাম্পে প্রায় ৪০০ জন রোগী বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছেন।
ক্যাম্পটির আয়োজক আলোক হেলথকেয়ার অ্যান্ড ফাউন্ডেশন হসপিটাল, ঘাটাইল, টাঙ্গাইল। মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয় বলে আয়োজকেরা জানিয়েছেন।
ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল ক্যাম্পে। সেবা নিতে আসা ব্যক্তিদের অধিকাংশই আলোকের চিকিৎসাসেবা, আন্তরিকতা ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।
ক্যাম্প সম্পর্কে আলোক হেলথকেয়ার অ্যান্ড ফাউন্ডেশন হসপিটালের সিনিয়র ম্যানেজার মো. ফারুক হোসেন বলেছেন, স্থানীয় জনগণের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আলোক সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
ফারুক হোসেন আরও জানিয়েছেন, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী মাসগুলোতেও ঘাটাইল ও পার্শ্ববর্তী এলাকায় আরও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।
আয়োজকদের ভাষ্য, এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বাড়াতেও ভূমিকা রেখেছে ক্যাম্পটি।

