খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চের বহর পৌঁছানোর আগে ফুলবাড়িগেটে ককটেল বিস্ফোরণ, তোরণে আগুন

সাত দফা দাবিতে ১১ দলীয় জোটের লংমার্চের বহর পৌঁছানোর আগে খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়িগেট এলাকায় কয়েকটি ককটেল বোমা বিস্ফোরণ হয়েছে। জোটের লংমার্চটি ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিল।
এর আগে লংমার্চকে স্বাগত জানিয়ে নির্মিত তোরণেও আগুন দেয় অজ্ঞাত দুষ্কৃতকারীরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয়রা জানান, শনিবার (৩১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার পর হেলমেট পরিহিত অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি ফুলবাড়িগেট বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
বিস্ফোরণের ঘটনায় লংমার্চকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নারী-পুরুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ বলেন, লংমার্চের গাড়ি বহর ফুলতলার উদ্দেশে ফুলবাড়িগেট অতিক্রমকালে কতিপয় দুষ্কৃতকারী গাড়ি বহরকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এছাড়া এ ঘটনার কিছুক্ষণ আগে নেতাদের শুভেচ্ছা জানানোর জন্য নির্মিত তোরণেও আগুন দেয় দুর্বৃত্তরা বলে তিনি জানান।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, লংমার্চ ফুলবাড়িগেট অতিক্রম করার আধাঘণ্টা আগে কে বা কারা তিনটি ককটেল ছোড়ে। এতে কিছুটা আতঙ্ক তৈরি হলেও হতাহত হয়নি।
তোরণে আগুনের ঘটনা প্রসঙ্গে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সেখানে লংমার্চের একটি তোরণেও আগুন দেওয়া হয়েছে। তবে কেউ দিয়েছে, নাকি দুর্ঘটনাবশত লেগেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।




