লালমনিরহাটের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রলিতে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

লালমনিরহাটের কালীগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রলির পেছনে মোটরসাইকেলের ধাক্কায় তহিদুল ইসলাম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই মোটরসাইকেল আরোহী।
শুক্রবার রাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের মুন্সিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তহিদুল ইসলাম চন্দ্রপুর ইউনিয়নের লতাবর আদর্শপাড়া এলাকার দুলাল হোসেনের ছেলে। আহত দুজন হলেন একই এলাকার জাবেদ আলীর ছেলে হজরত আলী (২০) ও লুৎফর রহমানের ছেলে আমির হোসেন (২০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে তিন যুবক একটি মোটরসাইকেলে করে বাড়ি থেকে উপজেলার চাপারহাটের দিকে যাচ্ছিলেন। পথে মুন্সিপাড়া এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রলির পেছনে সজোরে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে তিন আরোহীই গুরুতর আহত হন।
আহত আমির হোসেনকে চাপারহাটে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে তহিদুল ও হজরতকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে রংপুরে নেওয়ার পথে তহিদুলের মৃত্যু হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মনজুরে মাওলা বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।




