সাতক্ষীরার পাটকেলঘাটায় লংমার্চফেরত বাস পুকুরে, পথচারী নিহত ও আহত অন্তত ৫৫
সাতক্ষীরার পাটকেলঘাটা বাজার মোড় সংলগ্ন এলাকায় শনিবার (৩১ অক্টোবর) রাতে লংমার্চ কর্মসূচি থেকে ফেরার পথে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় একজন পথচারী নিহত হয়েছেন এবং অন্তত ৫৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের খুলনার লংমার্চ কর্মসূচি শেষে বাসটি (সিলেট-জ ১১-০৬৯০) সাতক্ষীরার দিকে ফিরছিল। পাটকেলঘাটা বাজার মোড় অতিক্রম করার সময় হঠাৎ এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি রাস্তায় চলে আসেন।
চালক ওই ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসচাপায় ওই পথচারীর মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম আব্দুল খালেক। তাঁর বাড়ি পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামে।
বাসটিতে থাকা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকেরা আহত হন। আহতদের অধিকাংশের বাড়ি সাতক্ষীরার ঘোনা এলাকায় বলে জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এবং সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ শহিদুল ইসলাম মকুলসহ জেলা ও স্থানীয় জামায়াতের শীর্ষ নেতারা। তাঁরা উদ্ধারকাজের সার্বিক তদারকি করেন এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক জানান, বাসটিতে লংমার্চে অংশ নেওয়া আনুমানিক ৫১ থেকে ৬২ জন যাত্রী ছিলেন। আহত সবাইকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে বাসের নিচে আর কেউ চাপা পড়ে আছে কি না, তা বাসটি পুকুর থেকে উদ্ধার করার পর নিশ্চিত হওয়া যাবে।
দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে জেলা ও স্থানীয় জামায়াতের নেতাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানা গেছে।


