…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

বরিশাল বোর্ডে এইচএসসিতে ফল বিপর্যয়: পাসের হার ৪৪.৮৪ শতাংশ, নয় বোর্ডের তলানিতে

নিজস্ব প্রতিবেদক
বরিশাল বোর্ডে এইচএসসিতে ফল বিপর্যয়: পাসের হার ৪৪.৮৪ শতাংশ, নয় বোর্ডের তলানিতে
ছবি: সংগৃহীত

এ বছর এইচএসসি পরীক্ষায় সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ফল বিপর্যয় ঘটেছে বরিশাল শিক্ষা বোর্ডে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে বরিশাল বোর্ডের অবস্থান এখন তলানিতে। এ বছর বোর্ডটিতে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন।

গত বছরের তুলনায় এবার বরিশাল বোর্ডে পাসের হার কমেছে প্রায় ১৮ শতাংশ। গত বছর বোর্ডটির পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ, আর সে বছর অবস্থান ছিল দ্বিতীয়। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ৭২৪টি—গত বছর ১ হাজার ৬৭৪ জন জিপিএ-৫ পেলেও এ বছর পেয়েছেন ৯৫০ জন।

শনিবার সারা দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের মতো বরিশাল বোর্ডেরও এইচএসসি ফল ঘোষণা করা হয়। ফল প্রকাশের পর গত বছর দ্বিতীয় অবস্থানে থাকা বোর্ডটি কীভাবে তলানিতে নেমে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বোর্ড কর্তৃপক্ষের ভাষ্য, পরীক্ষার্থীরা ইংরেজি বিষয়ে বেশি খারাপ ফল করেছে, আর এর প্রভাব পড়েছে বোর্ডের সামগ্রিক ফলে। বরিশাল বোর্ডে ইংরেজি বিষয়ে পাসের হার প্রায় ৫৩ শতাংশ।

জানতে চাইলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা বলেন, ইংরেজিতে ফল খারাপ করায় মোট পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। তিনি জানান, এবারের ফলাফল যথাযথভাবে পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।

অন্যদিকে বরিশালের বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ শিক্ষকেরা ফল বিপর্যয়ের পেছনে মোটা দাগে তিনটি কারণের কথা বলেছেন। তাঁদের ভাষ্য, ২০২৪ সালের আগস্টের ছাত্র আন্দোলনের পর শিক্ষার্থীরা লেখাপড়া থেকে দূরে সরে গেছে, তারা কলেজে নিয়মিত ছিল না, এবং অভিভাবকেরাও সন্তানদের প্রতি যথাযথ খেয়াল রাখেননি।

শিক্ষকদের মতে, এসব কারণে শিক্ষার্থীরা সবচেয়ে কঠিন তিনটি বিষয়—ইংরেজি, উচ্চতর গণিত ও আইসিটিতে ভালো ফল করতে পারেনি, আর তার প্রভাব পড়েছে বোর্ডের সামগ্রিক ফলে।

তবে শিক্ষার্থী ও অভিভাবকেরা শিক্ষকদের এই অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তাঁরা বলছেন, এতটা খারাপ ফলাফলের জন্য কেবল শিক্ষার্থী ও অভিভাবকেরা দায়ী নন; শিক্ষাপ্রতিষ্ঠানেরও দায় রয়েছে।

নগরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বরিশাল ইসলামিয়া কলেজে এবার পাসের হার মাত্র ২৮ দশমিক ৭৪ শতাংশ। কলেজটি থেকে পাস করা এক পরীক্ষার্থীর অভিভাবক আতিকুর রহমান বাপ্পি বলেন, ‘ফলাফলের যে বিপর্যয়, এর মধ্যেও ছেলে যে পাস করেছে তাতেই সন্তুষ্ট। তবে এতটা খারাপ ফলের জন্য কেবল শিক্ষার্থী এবং অভিভাবকেরা দায়ী নন; বরং শিক্ষাপ্রতিষ্ঠানের দায়ও রয়েছে।’

বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তাসমিয়া আক্তার বলেন, এবার পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হওয়া, প্রশ্নপত্রের মানে তারতম্য এবং প্রশ্নপত্রে ভুল থাকার কারণে ফলাফলে প্রভাব পড়তে পারে। পাশাপাশি বিভিন্ন কলেজে নিয়মিত ক্লাস না হওয়াকেও তিনি ফল খারাপের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

হিজলা উপজেলার সরকারি হিজলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিন মোহাম্মদ ফল বিপর্যয়ের কারণ হিসেবে স্কুল থেকে দুর্বল হয়ে আসা এবং গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের লেখাপড়া না করে বিভিন্ন আন্দোলনে সম্পৃক্ত হওয়ার কথা বলেছেন। এসএসসির পর ভালো শিক্ষার্থীদের শহরে চলে যাওয়াকেও তিনি দায়ী করেছেন।

বরিশাল সরকারি বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ বলেন, শিক্ষার্থীরা আন্দোলনে রাজপথে সময় ব্যয় করেছে, অভিভাবকেরাও সচেতন ছিলেন না। বিশেষ করে ছাত্র আন্দোলনের পর শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোযোগী ছিল না। তিনি একে এক ধরনের সামাজিক সমস্যা বলে উল্লেখ করেন এবং শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ সঠিকভাবে দায়িত্ব পালন করছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন।

বরিশাল শিক্ষা বোর্ডের সদ্য অবসরে যাওয়া চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, প্রত্যন্ত অঞ্চলে লেখাপড়া নেই, শিক্ষার্থীরা পড়াশোনা করে না।

শিক্ষা বিভাগের আরও খবর

বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের চেয়ে ফেল বেশি: ৩১ হাজার ৯১২ জন অকৃতকার্য, পাসের হার ৪৪.৮৪ শতাংশ
শিক্ষা

বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের চেয়ে ফেল বেশি: ৩১ হাজার ৯১২ জন অকৃতকার্য, পাসের হার ৪৪.৮৪ শতাংশ

এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডে এবার পাসের চেয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা বেশি হয়েছে। বোর্ডের অধীন ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে ৫৭ হাজার ৯১২ …

বরিশাল বোর্ডে পাসের হার নেমে ৪৪.৮৪ শতাংশে, জিপিএ-৫ পেয়েছে মাত্র ৯৫০ জন
শিক্ষা

বরিশাল বোর্ডে পাসের হার নেমে ৪৪.৮৪ শতাংশে, জিপিএ-৫ পেয়েছে মাত্র ৯৫০ জন

এ বছর এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। সব বোর্ডের মধ্যে এটাই সর্বনিম্ন হার। বোর্ডটিতে জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৯৫০ জন…

শিক্ষা

রাজবাড়ীতে দুই কলেজের একজন পরীক্ষার্থীও পাস করেনি, জেলায় সম্মিলিত পাসের হার ৪১.৪৩ শতাংশ

রাজবাড়ীতে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ…

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাস কোর্সের ১৯ বিষয়ের সিলেবাস বদলাচ্ছে, শুরু ওবিই কারিকুলাম কার্যক্রম
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাস কোর্সের ১৯ বিষয়ের সিলেবাস বদলাচ্ছে, শুরু ওবিই কারিকুলাম কার্যক্রম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর তিন বছর মেয়াদি স্নাতক (পাস) ডিগ্রি প্রোগ্রামের ১৯টি বিষয়ের সিলেবাস যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ…