জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তির দাবি

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) তার ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর) দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটি এবং জেলা-উপজেলা কমিটিসমূহ আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি থেকে দলটি প্রত্যয় ঘোষণা করেছে, রাজাকার ও সাম্রাজ্যবাদের কবল থেকে দেশ ও জনগণকে মুক্ত করার সংগ্রামের ধারায় দলীয় সভাপতি হাসানুল হক ইনুকে মুক্ত করা হবে।
জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে বিকেল ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের সহসভাপতি মীর হোসাইন আখতার এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু।
সভায় বক্তব্য রাখেন জাসদ স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান ঝকি, স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল এবং যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক।
এ ছাড়া বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মো. মনির হোসেন, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদের সহসম্পাদক আলী হাসান তরুণ, জাতীয় নারী জোটের নেত্রী পারভেজ আক্তার শিল্পী, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ এবং জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহসভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ।
আলোচনা সভায় নেতারা বলেন, দলের প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজ পরিবর্তনের বিপ্লবী সংগ্রাম ও গণতান্ত্রিক সংগ্রামে যেসব নেতা-কর্মী শহীদ হয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট করেছেন এবং জেল-জুলুম সহ্য করেছেন, তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
বক্তারা জাসদের নেতা-কর্মীদের অভিবাদন জানিয়ে বলেন, তাঁরা কোনো ধরনের রাজনৈতিক বিভ্রান্তিতে না ভুগে এবং ব্যক্তিগত লাভ-ক্ষতির হিসাব না করে জাসদের আদর্শ ও পতাকা সমুন্নত রেখেছেন।
সভা থেকে মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচারে ফরমায়েশি রায়ে দণ্ডিত বলে উল্লেখ করে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।



