কনকাশন বদলির নিয়মে দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না মুমিনুলের, জানালেন শান্ত

কনকাশন বদলির নিয়মের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না মুমিনুল হকের। বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
মাথায় আঘাত পাওয়ার পর কনকাশন বদলি নেওয়া হলে সংশ্লিষ্ট ক্রিকেটার পরবর্তী সাত দিন মাঠে নামতে পারেন না। এই নিয়মের কারণেই দ্বিতীয় টেস্টে মুমিনুলকে পাচ্ছে না বাংলাদেশ।
ম্যাচের তৃতীয় দিন সকালে ক্যাচ ধরতে গিয়ে মাথায় আঘাত পান মুমিনুল। এরপর তাঁর কনকাশন বদলি হিসেবে মাঠে নামেন জাকের আলী।
দ্বিতীয় টেস্টে খেলতে না পারার ঝুঁকি জেনেই মুমিনুল কনকাশন বদলিতে রাজি হয়েছিলেন বলে জানা গেছে। পুরো বিষয়টি দেখভাল করছে বাংলাদেশ দলের মেডিক্যাল বিভাগ, এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ম্যাচ শেষে শান্ত বলেন, ‘মুমিনুল ভাই আমার মনে হয় না দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন, কঠিন। আমি যতটুকু জানি নিয়ম অনুযায়ী উনি পারবেন না। কিন্তু এটাও উনি জানতেন এবং ওই সময় মেডিক্যাল বিভাগ সিদ্ধান্ত নিয়েছে উনার সঙ্গে কথা বলে। তাই এটা আসলে পুরোটাই মেডিক্যাল সংশ্লিষ্ট বিষয়।’
অন্যদিকে আঙুলের চোটে প্রথম টেস্টে খেলতে না পারা মুশফিকুর রহিমকে পরের ম্যাচে পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন অধিনায়ক। শান্ত বলেন, ‘মুশফিক ভাইকে পাওয়া যাবে।’




