হরিয়ানার পঞ্চকুলায় স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্রের হামলায় কেজির ছাত্রী আশঙ্কাজনক, পিজিআইএমইআরে চিকিৎসাধীন

ভারতের হরিয়ানা রাজ্যের পঞ্চকুলার সংস্কৃতি মডেল স্কুলে তৃতীয় শ্রেণির এক ছাত্রের হামলায় কেজি শ্রেণির এক ছাত্রী মারাত্মকভাবে আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় চণ্ডীগড়ের পিজিআইএমইআর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানা গেছে, অভিযুক্ত ছাত্রটি মেয়েটিকে তার বাবার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলে স্কুল ভবনের প্রথম তলায় নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর সে প্রথমে মেয়েটিকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে এবং পরে একটি টব দিয়ে তার মাথায় আঘাত করে।
এতেই থামেনি সে। একটি ফাঁকা শ্রেণিকক্ষে নিয়ে গিয়ে সে মেয়েটির মাথায় বারবার আঘাত করতে থাকে বলে জানা গেছে।
একপর্যায়ে শিশুটি জ্ঞান হারালেও আক্রমণ থামেনি। এরপর সে মেয়েটির চুল ধরে টেনে-হিঁচড়ে স্কুল প্রাঙ্গণজুড়ে ঘোরায় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ঘটনার পরপরই আহত ছাত্রীকে প্রথমে সেক্টর ৬-এর সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে চণ্ডীগড়ের স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান পিজিআইএমইআরে পাঠান। বর্তমানে শিশুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
হামলার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ স্কুলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলার পেছনের কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি জানতে পুলিশ স্কুল কর্তৃপক্ষ ও অভিযুক্ত ছাত্রের অভিভাবকদের জিজ্ঞাসাবাদ করছে।




