…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

‘কাশ্মীরের মতো’ সাদা পাহাড়ের আড়ালে বিষের ধুলো: ভারতের কিশানগড়ে মার্বেল বর্জ্যে ছয় গ্রামের দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক

ভারতের রাজস্থান রাজ্যের আজমির জেলার কিশানগড়ে ৩০০ একর (১২১ হেক্টর) জুড়ে ছড়িয়ে আছে সাদা ঢিবি আর নীল পানির গর্ত—দেখে মনে হয় যেন বরফে ঢাকা কোনো পাহাড়ি এলাকা। স্থানীয়ভাবে ‘স্নো ইয়ার্ড’ নামে পরিচিত এই জায়গাটি আসলে এশিয়ার সবচেয়ে বড় মার্বেল স্লারি (মার্বেল কাটার কাদা-বর্জ্য) ফেলার মাঠ, যা এখন প্রতিদিন শত শত পর্যটক টানছে মরু রাজ্যের এই শহরে। প্রবেশ সম্পূর্ণ বিনা মূল্যে।

নবদম্পতিরা এই ‘তুষার’ প্রেক্ষাপটে ছবি তুলছেন, বিয়ের আগের ফটোশুট হচ্ছে এখানে, সামাজিক মাধ্যমের ইনফ্লুয়েন্সাররা ভিড় করছেন রিল বানাতে; নিয়মিত শুটিং হচ্ছে মিউজিক ভিডিও ও সিনেমারও। উত্তর প্রদেশের ব্যবসায়ী সালিম শাহজাদা বলেছেন, তাঁর পাঁচ বছরের ভাইঝি থেকে মা পর্যন্ত সবাই জায়গাটি খুব পছন্দ করেছেন—প্রথম দেখায় তাঁদের মনে হয়েছিল, এ যেন কাশ্মীর। কয়েকবার এসে এবার তিনি পরিবারকে সঙ্গে এনেছেন।

কিন্তু শাহজাদার কোনো ধারণাই ছিল না এই ডাম্পিং ইয়ার্ডের সঙ্গে জড়িত স্বাস্থ্য ও পরিবেশগত সমস্যাগুলো সম্পর্কে। তিনি বলেন, তিনি শুধু জানতেন এখানে মার্বেল কাটার বর্জ্য ফেলা হয় এবং পাহাড়টাই সেই বর্জ্য দিয়ে তৈরি।

কিশানগড় থেকে মাত্র ৬ কিলোমিটার (৪ মাইল) দূরের ভোগিয়াওয়াস গ্রামের বাসিন্দা বাঘারাম গুর্জর (৫৩) মকাই খেতে আগাছা তুলতে তুলতে স্ত্রীর কাশির শব্দে অস্থির হয়ে ওঠেন। তাঁর ভাষায়, মাটিতে ধুলো বসলে সবকিছু নষ্ট হয়ে যায়; স্ত্রী দীর্ঘদিনের কাশির ফাঁকে শুধু বলেন, ঈশ্বর সব ঠিক করে দিন, নইলে ফসল ফলানো কঠিন হয়ে পড়ে।

গুর্জর পরিবারের মতো প্রায় ৫ হাজার মানুষ বাস করেন এই অস্বাভাবিক পর্যটন স্থলের আশপাশে। গুর্জর জানান, অন্তত ছয়টি গ্রামের বাসিন্দারা এই ইয়ার্ডের কারণে ক্ষতিগ্রস্ত। তাঁর অভিযোগ, এলাকার মানুষ বুকের সংক্রমণ, দাঁতের সমস্যা ও ত্বকের অ্যালার্জিতে ভুগছেন—শিশু হোক বা বৃদ্ধ, কেউই রেহাই পাচ্ছেন না। তিনি ও তাঁর স্ত্রীকে নিয়মিত বুকের সংক্রমণ বা ত্বকের সমস্যার ওষুধ খেতে হয়।

কিশানগড় মার্বেল ও গ্রানাইট শিল্পের কেন্দ্র। ফেডারেশন অব ইন্ডিয়ান গ্রানাইট অ্যান্ড স্টোন ইন্ডাস্ট্রির হিসাবে, এখানে প্রায় ১,২০০টি প্রসেসিং ইউনিট আছে, দৈনিক ব্যবসার পরিমাণ ১৬ কোটি রুপির (১৭ লাখ ডলার) বেশি এবং কর্মসংস্থান হয়েছে প্রায় ২৫ হাজার মানুষের। প্রতিদিন প্রায় ১,০০০টি ট্যাংকার এসব ইউনিট থেকে স্লারি এনে সরকার বরাদ্দ করা ডাম্পিং স্থলে প্রায় ৫,৫০০ টন বর্জ্য ফেলে—যা আশপাশের মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে।

আজমিরের গঙ্গা নারায়ণ হাসপাতালের সাধারণ চিকিৎসক অদিতি গয়াল জানান, কিশানগড়ের বাসিন্দারা প্রধানত শ্বাসতন্ত্র ও ত্বকের সমস্যাসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে আছেন; বিষাক্ত ধুলোর দীর্ঘ সংস্পর্শে থাকায় মার্বেল প্রসেসিং ইউনিটের শ্রমিকরা দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকিতে বেশি। তাঁর ভাষায়, গত কয়েক বছরে এই এলাকায় শ্বাসকষ্টের রোগী উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি এলাকার মানুষকে ধুলো থেকে বাঁচতে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন।

একই ধুলো জমে জমিতে, মাটি শক্ত করে ফেলে এবং ফসল ফলানো কঠিন করে তোলে। সেন্ট্রাল ইউনিভার্সিটি অব রাজস্থানের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক লক্ষ্মীকান্ত শর্মার নেতৃত্বে করা এক গবেষণায় দেখা গেছে, কিশানগড়ের মাটিতে লেড সিলিকেটের মাত্রা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি, যা চরম দূষণের ইঙ্গিত দেয়। গবেষণায় বলা হয়েছে, বর্জ্যের কণা ৭৫ মাইক্রোমিটারের চেয়ে ছোট হওয়ায় তা দূর-দূরান্তে ছড়িয়ে মাটিকে অনুর্বর করে ফেলতে পারে।

গবেষণায় আরও দেখা গেছে, এলাকার বাতাসে পিএম২.৫-এর মাত্রা পরিবেষ্টিত বায়ুমানের নির্ধারিত সীমা ছাড়িয়ে গেছে। অনেকেই সিলিকোসিসে ভুগছেন বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া দরকার বলে গবেষণায় সতর্ক করা হয়েছে।

ভোগিয়াওয়াসের আরেক বাসিন্দা উগম সিংহ (৬৫) জানান, অবস্থা এখন এতটাই খারাপ যে ভূগর্ভস্থ পানিই আর পানের উপযোগী নেই। পানিতে ফ্লোরাইডের মাত্রা এত বেশি যে স্বাদ লবণাক্ত লাগে; তাঁর দাঁত ক্ষয়ে যাচ্ছে, হাড় দুর্বল হয়ে পড়ছে। তিনি বলেন, আশপাশের গ্রামগুলোর বাসিন্দারা রাজস্থান রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডসহ (আরএসপিসিবি) বিভিন্ন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন, কিন্তু কেউ কানে তোলেনি।

গত বছর স্থানীয় পরিবেশকর্মী দ্রুপদ মালিক কিশানগড় ডাম্পিং ইয়ার্ডের ক্ষতিকর স্বাস্থ্য ও পরিবেশগত প্রভাব নিয়ে জাতীয় সবুজ ট্রাইব্যুনালে মামলা করেন। ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে বলেন, অনিয়ন্ত্রিতভাবে মার্বেল স্লারি ফেলা ভূগর্ভস্থ পানি ও বাতাসকে দূষিত করছে। ট্রাইব্যুনাল আরএসপিসিবিকে নজরদারি জোরদার, নমুনা পরীক্ষা এবং পরিবেশগত নিয়ম ভাঙা মার্বেল ইউনিটগুলোকে শাস্তি দেওয়ার নির্দেশ দেন। তবে কিশানগড়ে বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

অধ্যাপক শর্মা বলেছেন, ডাম্পিং ইয়ার্ডের চারপাশের এলাকা মানুষের বসবাসের জন্য অনুপযোগী; তাঁর গবেষণা রাজ্য কর্তৃপক্ষের কাছে পাঠানো হলেও পরিবেশের উন্নতিতে কিছুই করা হয়নি। তাঁর পরামর্শ, যেখানে মানুষের সংস্পর্শ নেই এমন জায়গায় ডাম্পিং ইয়ার্ড সরিয়ে নেওয়া হোক; পাশাপাশি টালি তৈরিতে স্লারি ব্যবহারের মতো উদ্যোগ কিছুটা হলেও দূষণ কমাতে পারে। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, মানুষকে মাস্ক ছাড়াই এই স্থানে ঘুরতে দেওয়া হচ্ছে, এমনকি সেখানে খাবারও খাচ্ছে তারা।

ভোগিয়াওয়াস থেকে ১৫ মিনিটের গাড়িপথ দূরের টোকরা গ্রামের বাসিন্দা রাম লাল সরকারের কাছে আবেদন করেছেন, মার্বেল স্লারির জন্য বিকল্প জায়গা খুঁজে বের করা হোক এবং বছরের পর বছর ধরে বাতাসে ভাসা সূক্ষ্ম ধুলোয় যাঁদের স্বাস্থ্যের অবনতি হয়েছে, তাঁদের পরীক্ষার জন্য বিনা মূল্যের চিকিৎসা শিবির বসানো হোক। তাঁর ভাষায়, হাজার হাজার রুপি খরচের রোগ বাধলে তাঁদের গ্রামের কারও পক্ষেই তার চিকিৎসা করা সম্ভব নয়।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

ঢাকা-রিয়াদ রুটে বাতিল ফ্লাইট বেড়ে ১৫৯, আটকা পড়েছেন ২২ হাজার ৭২১ যাত্রী
আন্তর্জাতিক

ঢাকা-রিয়াদ রুটে বাতিল ফ্লাইট বেড়ে ১৫৯, আটকা পড়েছেন ২২ হাজার ৭২১ যাত্রী

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গত ১০ অক্টোবর থেকে বাতিল হতে থাকা ফ্লাইটের সংখ্যা ৩০…

নির্বাচনপ্রধানের পদত্যাগ দাবিতে দিল্লিতে বিরোধীদের মহা মিছিল, সমাবেশস্থল ঘিরে কঠোর নিরাপত্তা
আন্তর্জাতিক

নির্বাচনপ্রধানের পদত্যাগ দাবিতে দিল্লিতে বিরোধীদের মহা মিছিল, সমাবেশস্থল ঘিরে কঠোর নিরাপত্তা

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে রোববার রাজধানী নয়াদিল্লিতে বিরোধী দলগুলোর পূর্বনির্ধারিত মহা মিছিল ও সমাবেশকে ঘিরে কঠোর নিরাপত্তাব্…

নেতানিয়াহুকে হটাতে ইহুদি-আরব জোট সরকারের দাবিতে তেল আবিবে হাজারো মানুষের বিক্ষোভ
আন্তর্জাতিক

নেতানিয়াহুকে হটাতে ইহুদি-আরব জোট সরকারের দাবিতে তেল আবিবে হাজারো মানুষের বিক্ষোভ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে হটাতে দেশটির বিরোধী দলগুলোকে আরব দলগুলোর সঙ্গে সমঝোতা করার আহ্বান জানিয়ে তেল আবিবে হাজার…

আন্তর্জাতিক

ইয়েমেনে হুতিদের হেফাজতে জাতিসংঘ কর্মীর মৃত্যু, তদন্তের দাবি জাতিসংঘের

ইয়েমেনে হুতিদের আটক অবস্থায় এক কর্মীর মৃত্যুর ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে জাতিসংঘ। নিহত মোহাম্মদ এল-শামি ইয়েমেনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইক…