হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে নোবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

জুলাই সনদ বাস্তবায়ন, শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা এবং শাপলা চত্বর ও পিলখানার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে তিন দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সংগঠনটির নেতারা।
শনিবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় অংশগ্রহণকারীরা ‘বাংলাদেশের আজাদি, উসমান হাদি’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’ এবং ‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে’সহ বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের ও সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা। এ ছাড়া জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইনকিলাব মঞ্চের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা বলেন, তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে টেকনাফের জিরো পয়েন্ট পর্যন্ত পদযাত্রা শুরু করেছেন তারা।
তিন দফা দাবি তুলে ধরে তিনি বলেন, দাবিগুলো হলো — ১৮ ডিসেম্বরের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যার বিচার, জুলাইয়ের গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং শাপলা, পিলখানা ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।
তিনি আরও বলেন, ‘এসব দাবি শুধু ইনকিলাব মঞ্চের নয়, বরং দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি। জনগণকে সঙ্গে নিয়ে কোনো ধরনের আপস ছাড়াই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’
সমাবেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের বলেন, ‘গণরুম-গেস্টরুম সংস্কৃতি, প্রশ্ন ফাঁস, বিচারহীনতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি থেকে দেশকে বের করে আনতে হবে।’ তিনি অভিযোগ করেন, প্রশ্ন ফাঁসের মতো গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর শাস্তির পরিবর্তে বদলির মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করার দাবি জানান।
জাবের আরও বলেন, ‘শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেও এখনো ন্যায়বিচার পাওয়া যায়নি।’ সরকারের প্রতি তিন দফা দাবি জানিয়ে তিনি বলেন, ‘এসব দাবি কোনো রাজনৈতিক দলের নয়, বরং বাংলাদেশের মানুষের দাবি।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমাবেশে আবদুল্লাহ আল জাবের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে একজন নাগরিককে হত্যার পর বিচারের জন্য আজ তাদের রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে।
তার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন গত আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটেছে, অথচ এই সরকারের আমলেই দিনেদুপুরে বাস থামিয়ে ডাকাতি হয়, ফ্লাইট লেফটেন্যান্টের লাশ ভেসে ওঠে, আর মিরাজ শেখের মতো মানুষ ২০৪ দিন ধরে নিখোঁজ থাকে।




