নতুন যুদ্ধ হলে তার সময়কাল ট্রাম্প নির্ধারণ করতে পারবেন না: ইরানের সেনাবাহিনীর হুঁশিয়ারি

ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো যুদ্ধ শুরু হলে তা আগের সংঘাতের চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে এবং সেই যুদ্ধের সময়কাল নির্ধারণের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে থাকবে না।
রবিবার ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এই হুঁশিয়ারি দেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী আকরামিনিয়া বলেন, ভবিষ্যতে সম্ভাব্য কোনো যুদ্ধ আগের সংঘাতের চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে এবং এই যুদ্ধ কখন বা কী শর্তে শেষ হবে, তা নির্ধারণ করার অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট থাকবেন না।
তিনি ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের সবচেয়ে তীব্র পর্যায়ের কথা উল্লেখ করছিলেন। ওই যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায় এবং তাতে ইসলামি প্রজাতন্ত্রটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।
এর জবাবে ইরান পুরো অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সঙ্গে লেবানন ও ইয়েমেনে ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোও এই লড়াইয়ে জড়িয়ে পড়ে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবর অনুযায়ী, দেশটির প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি রবিবার সতর্ক করে বলেছেন, ইরানের ওপর যেকোনো হামলার বিপরীতে তারা ‘যথাযথ, সিদ্ধান্তমূলক ও কার্যকর জবাব’ দেবে।
তিনি আরও বলেন, যারা হুমকি সৃষ্টি করছে, তারা ইরানের রক্ষণাত্মক প্রতিক্রিয়ার পরিধি, সময়কাল বা ফলাফল নির্ধারণ করে দেবে না।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতার বড় অংশ ধ্বংস করে দিয়েছে, তবে এখনো এক বা দুটি লক্ষ্যবস্তুকে ‘সামাল দেওয়া’ বাকি রয়েছে।
ট্রাম্প বলেন, ‘আমরা তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছি। এখনো হয়তো এক বা দুটি স্থাপনা সামাল দেওয়া বাকি আছে, তবে আমরা ১০ মিনিটের মধ্যেই তা করতে পারি।’




