আলাবামায় ফুটবল ম্যাচের পর স্টেডিয়ামের বাইরে গুলিবর্ষণ, নিহত ১ ও আহত ৮
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহামে বার্ষিক ম্যাজিক সিটি ক্লাসিক ফুটবল ম্যাচের পর লিজিয়ন ফিল্ড স্টেডিয়ামের বাইরে গুলিবর্ষণে একজন নিহত ও আটজন আহত হয়েছেন। শনিবার রাতে এই ঘটনা ঘটে বলে বার্মিংহাম পুলিশ জানিয়েছে।
বার্মিংহাম পুলিশ বিভাগের প্রধান মাইকেল পিকেট জানান, ম্যাচ শেষে বেশিরভাগ দর্শক ও পরিবার স্টেডিয়াম এলাকা ছেড়ে গিয়েছিলেন। গুলিবর্ষণ হয় স্টেডিয়ামের কাছেই, যেখানে গ্রেমন্ট অ্যাভিনিউজুড়ে বিক্রেতারা দোকান সাজিয়েছিলেন।
পিকেট বলেন, আরও বেশি মানুষ আহত হননি বলে তিনি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, সবারই জানা এটি শহরের সবচেয়ে বড় আয়োজন এবং এটি তাদের কর্মীদের ওপর অত্যন্ত চাপ তৈরি করে; অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার নেতারা দ্রুত সহায়তার প্রস্তাব দিয়েছেন, যার জন্য তিনি কৃতজ্ঞ।
গুলিবর্ষণের পরিস্থিতি এখনো স্পষ্ট নয়। পুলিশের মুখপাত্র ডি’রেল ফ্রিম্যান জানান, একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থল থেকে একাধিক অস্ত্র উদ্ধার ও জব্দ করা হয়েছে।
আলাবামা স্টেট ও আলাবামা এঅ্যান্ডএম ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং পরস্পরের চিরপ্রতিদ্বন্দ্বী; তাদের এই বার্ষিক মুখোমুখি ম্যাচ ১০০ বছরের বেশি সময় ধরে হয়ে আসছে। শনিবারের ম্যাচে প্রায় ৭০ হাজার দর্শক উপস্থিত ছিলেন, যেখানে আলাবামা এঅ্যান্ডএম ৩১-২৮ ব্যবধানে জয় পায়। এই আয়োজন প্রতিবছর বার্মিংহামে বিপুল জনসমাগম ঘটায়।




