কুড়িগ্রামের রৌমারীতে মৌমাছির ঝাঁকের হানায় বৃদ্ধের মৃত্যু, হাসপাতালে বৃদ্ধা
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মৌমাছির কামড়ে খলিল উল্যাহ (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মর্জিনা খাতুন (৬০) নামে আরেক বৃদ্ধা। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খলিল উল্যাহ ওই গ্রামের মৃত জামাত উল্যাহর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ির পাশের জমিতে বেগুন খেতে নিড়ানি দিচ্ছিলেন খলিল উল্যাহ। এ সময় পাশের একটি গাছে থাকা মৌমাছির চাকে বাজপাখি আক্রমণ করলে মৌমাছির দল ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা দল বেঁধে জমিতে কাজ করা খলিল উল্যাহ এবং পাশের বাড়ির উঠোনে বসে থাকা মর্জিনা খাতুনকে আক্রমণ করে। দুজনের চোখ, নাক, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে হুলের ছোবলে তাঁরা প্রচণ্ড যন্ত্রণায় সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন।
তাঁদের আত্মচিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে দুজনকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খলিল উল্যাহর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আহত মর্জিনা খাতুন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নবিউল ইসলাম বলেন, মৌমাছির কামড়ে অ্যানাফাইল্যাক্সিস বা তীব্র অ্যালার্জিজনিত প্রতিক্রিয়ার ফলে রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এ কারণেই রোগী বাঁচতে পারেননি; পথেই তাঁর মৃত্যু হয়েছে বলে তিনি জেনেছেন।


