খুলনার শিপইয়ার্ড এলাকা থেকে অস্ত্র-গুলিসহ ‘আশিক বাহিনীর শ্যুটার’ জনি গ্রেপ্তার

খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলিসহ সন্ত্রাসী আশিক বাহিনীর শ্যুটার জনিকে (২২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। রোববার (১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার জনি খুলনার চানমারি বাজার এলাকার মৃত জাহিদ হাসানের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে এসআরবি-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আশিক গ্রুপের শ্যুটার হিসেবে পরিচিত জনিকে ঘিরে ফেলে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয়; তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, গ্রেপ্তার জনি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। প্রাথমিক পর্যালোচনায় জনির বিরুদ্ধে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা এবং হত্যাচেষ্টাসহ অন্তত চারটি মামলার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ তাকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।




